আরাফাতের সহযোগীকে হত্যা করে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের ঘনিষ্ঠ সহযোগী আবু জিহাদকে হত্যা করেছিল ইসরায়েলি এজেন্ট নাহুম লেভ। একটি ইসরায়েলি পত্রিকা ‘ইয়েদিয়োত আহরোনোত’-এ দেওয়া সাক্ষাত্কারে এ কথা স্বীকার করেছেন লেভ। আবু জিহাদের নিহত হওয়ার ২৪ বছর পর বিষয়টি ফাঁস হতে যাচ্ছে।দীর্ঘদিন ধরে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৮৮ সালে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে একজন ইসরায়েলি গুপ্তচরের হাতে নিহত হন আবু জিহাদ। তাঁর প্রকৃত নাম খলিল আল ওয়াজির। ফিলিস্তিন স্বাধীনতা সংস্থা (পিএলও) প্রতিষ্ঠায় আরাফাতের সহযোগী হিসেবে তিনি কাজ করেন। ১৯৮৮ সালের ১৬ এপ্রিল তিউনিসে পিএলওর সদর দপ্তরে এক হামলায় তিনি নিহত হন। আহরোনোত জানায়, লেভ নাহুম নামের একজন ইসরায়েলি গুপ্তচর এক সাক্ষাত্কারে আবু জিহাদ হত্যা সম্বন্ধে বিস্তারিত বলেন। হত্যার পরপরই লেভ ওই সাক্ষাত্কারটি দেন। ২০০০ সালে মারা যান লেভ। তবে সাক্ষাত্কারটি এত দিন প্রকাশ করা হয়নি। সম্প্রতি সাক্ষাত্কারটি প্রকাশের অনুমতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ওই সাক্ষাত্কারে লেভ বলেন, ১৯৮৮ সালের ১৬ই এপ্রিল তিউনিসে পিএলওর প্রধান কার্যালয়ে হত্যা করা হয় আবু জিহাদকে। হত্যা অভিযানে গোয়েন্দা তত্পরতার তদারকি করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। অভিযানে নেতৃত্ব দেয় সায়ারেত মাতকাল নামে ইসরায়েলি এলিট কমান্ডো ইউনিট।লেভ বলেন, ‘আমি তাঁকে (আবু জিহাদ) নিয়ে তৈরি সব নথি পড়েছি। তাঁর বিরুদ্ধে বেসামরিক লোকজনের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজের অভিযোগ রয়েছে। তাঁকে মৃত্যুর জন্য চিহ্নিত করা হয়। আমি তাঁকে হত্যা করি।’ লেভ আরও বলেন, নারীর ছদ্মবেশে অন্য একজন কমান্ডোও তাঁর সঙ্গে ছিলেন। ওই কমান্ডো সন্ধ্যাকালীন ভ্রমণের ছলে আবু জিহাদের বাড়ির পাশে যান। এরপর নিঃশব্দে গুলি ছুড়ে বাড়ির একজন নিরাপত্তারক্ষীকে হত্যা করেন তিনি। পরে মুখোশ পরা কমান্ডোরা বাড়ির ভিতর ঢুকে পড়ে। এ সময় একজন লেভকে পেছনে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠেন। সেখানে লেভ প্রথমেই আবু জিহাদকে গুলি করেন। এ সময় নিচতলায় থাকা দ্বিতীয় দেহরক্ষী ও একজন মালীকেও হত্যা করা হয়। বিবিসি।