আরিফার দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নিরাপত্তা নিবাস থেকে টানা ২৯ দিন পর আজ মঙ্গলবার বাড়ি ফিরেছে তানোর উপজেলার সেই কিশোরী আরিফা। নোনাপুকুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় আরিফার দায়িত্ব নেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিনুল হক ও স্থানীয় ইউপি সদস্য। নিজের গ্রামকে মাদকমুক্ত করতে গিয়ে মাদক ব্যবসায়ীর হুমকির মুখে গ্রামছাড়া হয়েছিল সে।আজ সকালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাজশাহী জেলা জাতীয় মহিলা পরিষদের একটি প্রতিনিধিদল আরিফাকে নিয়ে তানোর যান। তাদের সঙ্গের তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোনাপুকুর গ্রামে যান।নোনাপুকুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচন্দর ইউপি চেয়ারম্যানের মমিনুল হকের সভাপতিত্বে এক সভা হয়। এতে আরিফার বাড়িতে অবস্থান ও বিদ্যালয়ে যাতায়াতের নিরাপত্তার বিষয়টি আলোচিত হয়। সভায় মমিনুল হক ও মফিজ উদ্দিন আরিফার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেন।নোনাপুকুর গ্রামের কিশোরী আরিফা খাতুন উপজেলার কোয়েল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। গ্রামের মাদকের ভয়াবহতা দেখে সে তার সহপাঠী ও স্থানীয় ১৫ জন কিশোর-কিশোরীকে নিয়ে ‘নোনাপুকুর মাদকবিরোধী গণগবেষক দল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলে। তারা গ্রামের আমিনুলের মাদক ব্যবসার প্রতিবাদ জানিয়ে আসছিল। বিষয়টি তারা পুলিশকেও জানায়। এতে আমিনুল ক্ষিপ্ত হয়ে আরিফার বাবা আবদুল বারী ও তার (আরিফা) ভাই মিনারুলকে মারধর করেন। বিষয়টি পুলিশকে জানালে আরিফার ওপর হামলা চালান আমিনুল। এতে সে গুরুতর আহত হয়ে ১২ দিন তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নেয়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ আমিনুলকে গ্রেপ্তার করে। আট দিন পর তিনি জামিনে ছাড়া পান। এরপর থেকে আরিফাকে হত্যার হুমকি দেন আমিনুল। বাধ্য হয়ে ২ জুন মা-বাবা আরিফাকে তার খালার বাড়িতে পাঠিয়ে দেন। নিরাপত্তার অভাবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা গত ১১ জুন তাকে তানোরের নোনাপুকুর গ্রাম থেকে উদ্ধার করে রাজশাহীতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নিরাপত্তা নিবাসে রাখেন। আগামী শনিবার (১৪ জুলাই) আরিফার দ্বিতীয় সাময়িক পরীক্ষা। আরিফার এ ঘটনা নিয়ে ‘গ্রাম মাদকমুক্ত করতে গিয়ে বাড়িছাড়া স্কুলছাত্রী’ শিরোনামে গত ১২ জুন প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।