শিশু সামিউল হত্যা মামলার আসামি শামসুজ্জামান আরিফ হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন আজ মঙ্গলবার তাঁর জবানবন্দি নিয়েছেন।একই মামলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ আজ শামসুজ্জামান আরিফের স্ত্রী সাথীকে মহানগর হাকিম কামরুন্নাহারের আদালতে হাজির করে। আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।সামিউল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল সোমবার শামসুজ্জামান আরিফ ও তাঁর ভাই নুরুজ্জামান এবং ২৭ জুন রাতে আরিফের স্ত্রী সাথীকে পুলিশ গ্রেপ্তার করে।গত বৃহস্পতিবার নবোদয় হাউজিংয়ের এ-ব্লকের ৯ নম্বর সড়কের একটি ফাঁকা জায়গা থেকে সামিউলের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। সামিউল মোহাম্মদপুর শিয়া মসজিদসংলগ্ন গ্রিন উডস স্কুলে নার্সারিতে পড়ত।এর আগে পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সামিউলের মা আয়েশা হুমায়রাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি রিমান্ডে। আদাবর থানার উপপরিদর্শক (এসআই) কাজী সাহান হক মামলাটি তদন্ত করছেন। থানা পুলিশের পাশাপাশি মহানগর ডিবিও তদন্ত করছে।