আরেক ইরাক হবে লিবিয়া
কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের পর সর্বোচ্চ সংকটে পড়েছে লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি)। পর্যবেক্ষকদের অনেকে আশঙ্কা করছেন, লিবিয়ার পরিণতি ইরাকের মতো হতে যাচ্ছে।বিশ্লেষকদের মতে, এনটিসি গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে—লিবিয়ার বিভিন্ন গোষ্ঠীর নেতারা এই আস্থা পাচ্ছেন না। এই অবিশ্বাস দেশটির বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে দিয়েছে। এ ছাড়া এনটিসির মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।একসময় গাদ্দাফির শক্ত ঘাঁটি বলে পরিচিত বনি ওয়ালিদ গত সোমবার দখলে নিয়েছে গাদ্দাফিপন্থী যোদ্ধারা। গাদ্দাফি ক্ষমতায় থাকতে যে বেনগাজি ছিল এনটিসির মূল ঘাঁটি, সেই বেনগাজিতেও পূর্ণ কর্তৃত্ব নেই তাদের। কয়েক দিন আগে চাপের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন এনটিসির ভাইস চেয়ারম্যান আবদুল হাফিজ ঘোগা। রাজধানী ত্রিপোলিসহ বড় শহরগুলোতে রাতে এখনো ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। আর এনটিসির বিরুদ্ধে বিভিন্ন শহরে বিক্ষোভ প্রায় নিত্যদিনের ঘটনা।রাজনৈতিক ঝুঁকি-পরামর্শক প্রতিষ্ঠান নর্থ আফ্রিকা রিস্ক কনসাল্টিংয়ের জিওফ পোর্টার বলেন, মার্কিন নেতৃত্বে হামলায় সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে যে পরিস্থিতি হয়েছিল, লিবিয়াও যেন সেদিকেই যাচ্ছে। তিনি বলেন, ২০০৪ সালের ইরাকের সঙ্গে লিবিয়ার তুলনা করলে এটাই মনে হয়। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কোন্দল, সরকারের বৈধতাকে খোলাখুলিভাবে চ্যালেঞ্জ জানানো ও খুব শিগগির শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কোনো লক্ষণ সেখানে নেই। পোর্টার বলেন, ইরাকের সঙ্গে লিবিয়ার একটাই পার্থক্য, সাদ্দামের পতনের পর ইরাকে দখলদার বাহিনী ছিল, লিবিয়ায় তা নেই।গত সোমবার বনি ওয়ালিদে সংঘর্ষে চারজন নিহত হয়। গাদ্দাফিপন্থী যোদ্ধাদের সামনে টিকতে না পেরে পালিয়ে যায় এনটিসির সেনারা। লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত ইয়ান মার্টিন অবশ্য ভিন্ন কথা বলছেন। তিনি জানান, বনি ওয়ালিদে স্থানীয় সশস্ত্র বাসিন্দাদের সঙ্গে বিপ্লবীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করে বলা হচ্ছে, গাদ্দাফিপন্থীরা বনি ওয়ালিদ দখল করে নিয়েছে। রয়টার্স, বিবিসি।