সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শৈলচাপড়া হাওরে ট্রলারডুবিতে নিখোঁজ আরও এক স্কুলছাত্রীর মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নাহিদা আক্তার নামের ওই ছাত্রীর লাশ হাওর থেকে উদ্ধার করা হয়। নাহিদা ছিল বাদশাগঞ্জ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। এ নিয়ে ট্রলারডুবিতে মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জন শিক্ষার্থীসহ ১৪ জনে।স্থানীয় সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন শাহ জানান, জরিয়া ও রনি নামের আরও দুই স্কুলছাত্রী এখনো নিখোঁজ রয়েছে। জরিয়া দশম ও রনি সপ্তম শ্রেণীতে পড়ত। উদ্ধারকর্মীরা তাদের খোঁজে কাজ করে যাচ্ছেন।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে নিহত সবার বাড়ি ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামে। বালিজুড়ি গ্রাম থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি উপজেলার বাদশাগঞ্জ বাজারে যাচ্ছিল। বালিজুড়ি থেকে ছেড়ে যাওয়ার ১৫ মিনিট পর ট্রলারটি পথিমধ্যে সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়ন দুটির মধ্যবর্তী শৈলচাপড়া হাওরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৩০ থেকে ৩৫ জন। পরে স্থানীয় লোকজন গতকাল হাওর থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করে।