আরেক পুলিশ কর্মকর্তার মাথা থেঁতলে দিল হরতালকারীরা
রাজশাহীর পর এবার দিনাজপুরে আজ মঙ্গলবার বর্বর হামলার শিকার হয়েছেন পুলিশের আরেক কর্মকর্তা। হরতালকারীরা চিরিরবন্দর উপজেলার হাজির মোড় এলাকায় দিনাজপুর পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুরকে প্রচণ্ড মারধর করে তাঁর মাথা থেঁতলে দিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।দিনাজপুর গোয়েন্দা পুলিশের এসআই ফেরদৌস জানান, চিরিরবন্দর উপজেলায় দায়িত্ব পালন করছিলেন আবদুস সবুর। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মোটরসাইকেলে করে হাজির মোড় এলাকায় যাচ্ছিলেন। এ সময় হরতালকারী জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা আবদুস সবুরের মোটরসাইকেল থামিয়ে লাঠি দিয়ে তাঁকে বেদম মারধর করে তাঁর মাথা থেঁতলে দেন। এ ছাড়া তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এ সময় তিনি একাই ছিলেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দিনাজপুর মেডিকেলের অস্ত্রোপচার বিভাগের চিকিৎসা কর্মকর্তা এ টি এম জিল্লুর রহমান জানান, ‘দুপুর পৌনে ১২টার দিকে আবদুস সবুরকে এখানে নিয়ে আসা হয়। এরপর তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথার খুলির হাড় কয়েক জায়গায় ভেঙে গেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। বেলা দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’