আরেক বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৮৯৮ এর কাছে আরেক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁর নাম সাদেকুল ইসলাম (১৯)।আজ সোমবার ভোরে আটক করার পর বিএসএফ তাঁকে ভারতের কোচবিহার জেলার শীতল কুচি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।এদিকে বিকেলে মেইন পিলার ৮৯৮-এর কাছে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা-বৈঠক হয়। ওই বৈঠকে মীরাবাড়ী বিএসএফের ক্যাম্পের সদস্যরা বিজিবিকে জানান, আটক বাংলাদেশি যুবকের কাছে অবৈধ মালামাল পাওয়ায় তাঁকে শিতলকুচি থানায় নিয়মিত মামলার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল রোউফ বলেন, ‘আমরা বিএসএফের কাছে বাংলাদেশি যুবককে আটকের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁকে ফেরত দেওয়ার জন্য পতাকা-বৈঠকের দাবি জানিয়েছি।’লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা-বৈঠক নিষ্ফলভাবে শেষ হলেও আমরা আটক বাংলাদেশি যুবককে আবারও ফেরত দেওয়ার দাবি জানিয়েছি।’