ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডের (এনডিএফবি) চেয়ারম্যান রঞ্জন দাইমারিকে বাংলাদেশ থেকে আটকের পর ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।ওই খবর অনুযায়ী, বিডিআর গত শুক্রবার রাতে মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে রঞ্জন দাইমারিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করে। পরদিন তাঁকে আসাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।গত বছরের নভেম্বরে উত্তর-পূর্ব ভারতের আরেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার চেয়ারম্যানসহ শীর্ষস্থানীয় চার নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের ভারতের কাছে হস্তান্তর করা হয়েছিল বলে তখন ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছিল।আসামের একজন জ্যেষ্ঠ সাংবাদিক টেলিফোনে প্রথম আলোকে বলেন, রঞ্জনকে গতকাল রোববার বিকেল চারটায় গুয়াহাটির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁর ১২ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। তাঁর পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি। রঞ্জন দাইমারির নেতৃত্বাধীন এনডিএফবির বিরুদ্ধে আসামে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগ রয়েছে।রঞ্জন দাইমারিকে হস্তান্তরের খবর ভারতের গণমাধ্যমে দুই দিন ধরে প্রচারিত হলেও বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে আটকের কথাও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ স্বীকার করেননি।ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও আসাম ট্রিবিউন-এর খবরে বলা হয়, এনডিএফবির শান্তি আলোচনাবিরোধী অংশের প্রধান রঞ্জন দাইমারি দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করছিলেন। কিছুদিন আগে তাঁকে বাংলাদেশের শেরপুর জেলা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি সংস্থা আটক করে এবং গত শুক্রবার রাতে বিএসএফের কাছে হস্তান্তর করে। রঞ্জন উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে ২০০৮ সালের ৩০ অক্টোবর সিরিজ বোমা হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত। ওই হামলায় ৯০ জন নিহত হয়।আসামের বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ লাইভের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ জারির হোসেন টেলিফোনে প্রথম আলোকে বলেন, তিনি ওই দেশের একটি গোয়েন্দা সূত্র থেকে জেনেছেন, রঞ্জন দাইমারির বড় ছেলে (১৭) ঢাকার নটর ডেম কলেজে এবং মেয়ে একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। সেই সূত্র ধরে গত মার্চ থেকে গোয়েন্দারা রঞ্জনকে শনাক্ত করার চেষ্টা করছিলেন। গত ২১ এপ্রিল রাতে শেরপুরের ঝিনাইগাতি থেকে রঞ্জনকে আটক করা হয়।জানতে চাইলে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধিকে বলেন, ২১ এপ্রিল রাতে র্যাবের একটি দল ঝিনাইগাতির কাংশা ইউনিয়নে অভিযান চালিয়েছিল। কিন্তু সেখান থেকে কাউকে আটক করা হয়েছিল কি না, তারা এ ব্যাপারে পুলিশকে কিছু জানায়নি। তবে র্যাব এ ধরনের অভিযান বা রঞ্জন দাইমারিকে আটকের কথা অস্বীকার করেছে।