আরেক বিনিয়োগকারীর আত্মহত্যা
চট্টগ্রামের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় এবার একজন বিনিয়োগকারী আত্মহত্যা করেছেন। তাঁর নাম দিলদার আহমেদ (৫৬)।আজ বৃহস্পতিবার সকালে নিজের ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না দিয়ে পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তাঁর পরিবার জানায়, সম্প্রতি শেয়ারবাজারে ব্যাপক ধসের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।দিলদার আহমেদের ছেলে মোহাম্মদ ফয়সাল বলেন, ‘কিছুদিন ধরে আব্বু খুবই চিন্তিত ছিলেন। পুঁজিবাজার একটু চাঙা হলেই শেয়ার বিক্রি করে কীভাবে ঋণের টাকা পরিশোধ করতে হবে, সে বিষয়ে আমাকে পরামর্শও দিয়েছিলেন। গতরাতে আব্বু একাই ঘুমান। আমি ছিলাম ড্রইং রুমে। আজ সকাল নয়টা পাঁচ মিনিটের দিকে নাস্তা খাওয়ার জন্য আব্বুকে আম্মু ডাকতে যান। গিয়ে দেখেন, ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আব্বু ঝুলছেন।’দিলদারের নিকটাত্মীয় ফখরুল আনাম চৌধুরী বলেন, ‘শেয়ারবাজারে ধসের কারণে দীর্ঘদিন ধরে তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন। গত রোববার থেকে তিনি খুবই অস্থির হয়ে ওঠেন। পুঁজিবাজারে ক্ষতির বিষয়ে তিনি মাঝেমধ্যে আমার সঙ্গে আলাপও করতেন। সাম্প্রতিক সূচক পতনের কারণে তিনি পুঁজিবাজার থেকে বিনিয়োগ উঠিয়ে নেওয়ার কথাও বলেছিলেন।’কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, দিলদার আহমেদ পুঁজিবাজার ও তৈরি পোশাক-ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। উভয় ব্যবসায় বিপুল ক্ষতি হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।পরিবারের সদস্যরা জানান, দিলদার আহমেদ লঙ্কাবাংলা সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানে বিও অ্যাকাউন্ট খুলে শেয়ার ব্যবসা করছিলেন। বিনিয়োগের কিছু টাকা তিনি তুলেও নেন। সর্বশেষ তিনি ৩০ লাখ টাকা বিনিয়োগ করেন, যার বর্তমান বাজার দর এখন ১৭ লাখ টাকায় নেমে এসেছে। এর মধ্যে নয় লাখ সাত হাজার টাকা তাঁর ঋণ ছিল।লঙ্কাবাংলা সিকিউরিটিজের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, সর্বশেষ বিনিয়োগে তাঁর ১৩ লাখ টাকা লোকসান হয়। এই মুহূর্তে শেয়ার বিক্রি করে দিতে পারলে তিনি ঋণ পরিশোধ করে আট লাখ টাকা তুলে নিতে পারতেন।দিলদারের মৃত্যুতে ক্ষোভ জানিয়ে তাঁর বন্ধু এস এম ইকরাম বলেন, ‘উনি তো মরে বেঁচে গেছেন। কিন্তু আমরা বেঁচে মরে আছি।’ এ বিষয়ে ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের আহ্বায়ক আছলাম মোরশেদ বলেন, এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পুঁজিবাজারে পরিচালকদের কারসাজির কারণে সূচকের পতন হচ্ছে। এ মৃত্যু তাঁদের ও সরকারকে এতটুকু স্পর্শ করবে না। গত ১৩ মাসে পুঁজিবাজারে দরপতন অনেককেই নিঃস্ব করে দিয়েছে। মোরশেদ আরও বলেন, ‘চরম হতাশায় এখন কেউ কেউ আত্মহননে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় পুঁজিবাজার চালু রাখা উচিত কি না, সে বিষয়টি ভেবে দেখতে সরকারকে অনুরোধ করছি। পাশাপাশি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেয়ারম্যানসহ সব কর্মকর্তার পদত্যাগ দাবি করছি।’এ ঘটনায় দিলদারের ছেলে মো. ফয়সাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।