আরেক ভোগান্তির নাম অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১ নম্বর জাতীয় মহাসড়ক (ঢাকা-চট্টগ্রাম) ছাড়াও চট্টগ্রাম বিভাগে রয়েছে আরও চারটি জাতীয় মহাসড়ক। সেগুলো হলো ময়নামতি-ব্রাহ্মণবাড়িয়া (৭৯ কিলোমিটার), ফেনী-নোয়াখালী (৪৯ কিলোমিটার), চট্টগ্রাম-রাঙামাটি (৭৪ কিলোমিটার) ও কেরানীহাট-বান্দরবান (২৩ কিলোমিটার) সড়ক। রয়েছে ১৯টি আঞ্চলিক মহাসড়ক।দৈর্ঘ্য ও কাঠামোতে পার্থক্য থাকলেও এসব সড়কের প্রধান সমস্যা অভিন্ন। আর তা হলো সড়কের জায়গায় অবৈধ স্থাপনা ও বাজার। এ কারণেই এসব সড়কের যান চলাচলে দুর্ভোগ বেড়েই চলেছে। এমনকি কতৃপক্ষ চেষ্টা করেও এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারছে না। কোনভাবে কিছু স্থাপনা উচ্ছেদ করা হলে কিছুদিনের মধ্যেই তা আবার বেদখল হয়ে যায়। এ কারণেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতের কাজও বিলম্বিত হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের ব্যবস্থাপক-৫ রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, চট্টগ্রাম সিটি গেট থেকে সীতাকুণ্ড পর্যন্ত কিছু জায়গা বেদখলে আছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অবৈধ উচ্ছেদপ্রক্রিয়া শুরু করেছেন। এতেও বাধা দেওয়া হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ মহাসড়ক এটি। চট্টগ্রাম বন্দর দিয়ে সারা দেশের পণ্য আনা-নেওয়ার কাজে এই মহাসড়কই ব্যবহার করা হয়। আড়াই বছর আগের এক প্রতিবেদনে জানা গেছে, এই মহাসড়ক দিয়ে ওই সময় প্রতিদিন গাড়ি চলাচল করছিল প্রায় ২০ হাজার। বর্তমানে প্রতিদিন ২৫-২৬ হাজার গাড়ি চলাচল করছে বলে প্রকৌশলীরা জানিয়েছেন।সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, যানবাহনের পেছনের ডানে ও বাঁয়ে একটি করে চাকার (সিঙ্গেল এক্সেল) সর্বোচ্চ ২০ টন ওজন পরিবহনের ধারণক্ষমতার হিসাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নকশা করা হয়েছে। কিন্তু বর্তমানে সিঙ্গেল এক্সেলের ট্রাক অথবা ট্রাক্টর-ট্রেইলর পণ্য নিয়ে যাচ্ছে প্রায় ৪৫-৫০ টন। বাড়তি ওজনের চাপে সড়কের বিটুমিন ও কংক্রিটের কিছু অংশ সরে যাচ্ছে। এতে রাস্তা এবড়োখেবড়ো ও উঁচু-নিচু হয়ে গেছে।কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের ১১টি স্থানে সপ্তাহে কমপক্ষে দুবার হাট বসে। এ কারণে এসব স্থানে যানজট হয় বলে গাড়ির চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে।টেকনাফ-চকরিয়া: টেকনাফ থেকে কক্সবাজার হয়ে চকরিয়ার হারবাং পর্যন্ত ১৫৬ কিলোমিটার মহাসড়কে অবৈধ হাটবাজার রয়েছে ৫৫টি। কক্সবাজার-টেকনাফ ৭৯ কিলোমিটার মহাসড়কে অবৈধ হাটবাজার রয়েছে ৩৩টি। টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হাসান জানান, মিয়ানমার থেকে স্থলবন্দর দিয়ে প্রতিদিন কয়েক শ কোটি টাকার মালামাল আমদানি হয়। টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দুরবস্থার কারণে চট্টগ্রাম ও ঢাকায় মালামাল সরবরাহ করতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। সড়কটি কাগজে-কলমে মহাসড়ক হলেও সড়কের প্রস্থ ১৬-১৮ ফুট। ফলে দুটি গাড়ি পরস্পরকে অতিক্রম করতে সমস্যা হয়। অনেক সময় পণ্যবাহী ট্রাক উল্টে যায়।কক্সবাজার থেকে চকরিয়ার হারবাং পর্যন্ত মহাসড়কের ৭৭ কিলোমিটার সড়কের খরুলিয়া, বাংলাবাজার, রামু, পানিরছড়া, ঈদগাঁও, ফাঁসিয়াখালী, ডুলাহাজরা, চকরিয়া, হারবাংসহ বিভিন্ন এলাকায় রয়েছে ২২টি অবৈধ বাজার। এখানেও ছোট-বড় অসংখ্য খানাখন্দ রয়েছে। চকরিয়া পৌরসভার এক কিলোমিটার মহাসড়কের দুই পাশে অসংখ্য দোকান তৈরি হয়েছে। সওজ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮৯ কিলোমিটার কাগজে-কলমে জাতীয় মহাসড়ক হলেও এটি পরিচালিত হচ্ছে জেলা সড়ক হিসেবে। সড়কের ওপর অসংখ্য হাটবাজার থাকায় যানজট লেগেই থাকে। অবৈধ হাটবাজার প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি চকরিয়া পৌরসভা, কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে অনেক দোকানপাট ও হাটবাজার উচ্ছেদ করা হয়। কিন্তু দুই-তিন দিন পর সেখানে আবার এসব বসে যায়। ফলে সড়ক দখলমুক্ত করা সম্ভব হয় না। কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে ব্রাক্ষণবাড়িয়ার সুলতানপুর পর্যন্ত ৬২ কিলোমিটার এলাকাজুড়ে ছোট-বড় ৪৩টি সেতু, কালভার্ট ও বেইলি সেতু রয়েছে। এসব সেতুর কোনোটির মাঝখানে ভেঙে গেছে, কোনোটিতে স্লিপার বসানো হয়েছে এবং কোনোটি নড়বড়ে। তার ওপর মহাসড়কের প্রস্থ কম। সওজ ঝুঁকিপূর্ণ সেতুর সামনে সতর্কতামূলত সাইনবোর্ড টাঙিয়েই দায়িত্ব শেষ করেছে।কুমিল্লা সওজ সূত্রে জানা গেছে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন সিলেটের জাফলং থেকে পাথর ও কয়লা আসে। বন্দর নগর চট্টগ্রাম থেকে মালামাল যায় সিলেট ও কুমিল্লা অঞ্চলে। এ সড়ক দিয়ে বাখরাবাদ, বাঙ্গরা, তিতাস ও হবিগঞ্জ গ্যাসফিল্ডের বড় বড় ট্রলি যাতায়াত করে। আবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হলে বিকল্প পথে কাঁচপুর দিয়ে যাত্রীবাহী বাস চলাচল করে। গুরুত্বপূর্ণ ওই মহাসড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় যান চলাচলে অচলায়তন দেখা দিচ্ছে।সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, এই মহাসড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করার প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে আখাউড়া দিয়ে আগরতলা যাওয়ার সড়কও প্রশস্ত হবে। বর্তমানে সেতুগুলোর অবস্থা খারাপ। নতুন প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু হবে।কুমিল্লা-চাঁদপুর: কুমিল্লা-চাঁদপুর ১৮ ফুট প্রশস্ত মহাসড়কের ৫৫ কিলোমিটার এলাকা দিয়ে প্রতিদিন কমপক্ষে তিন হাজার যানবাহন চলাচল করে। চাঁদপুরের শাহরাস্তির কালিয়াপাড়া থেকে চাঁদপুর সদর পর্যন্ত মহাসড়কের দুই পাশে মাটি নেই। যাত্রীদের দাঁড়ানোরও কোনো জায়গা নেই। হাজীগঞ্জ থেকে চাঁদপুর পর্যন্ত হাজীগঞ্জ পূর্ববাজার সেতু, হাজীগঞ্জের মিঠানিয়া, মহামায়াবাজার ও ঝমঝমিয়া সেতু জীর্ণ হয়ে পড়েছে। এসব সেতুতে শুধু এক দিক থেকে যানবাহন চলতে পারে, ফলে যানজট সৃষ্টি হয়। সওজ বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী এনামুল হক জানান, হাজীগঞ্জ এলাকার সেতুগুলো খারাপ। মহাসড়ককে আরও বর্ধিত করার জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। বর্তমানে নকশা করার কাজ চলছে। দ্রুত দরপত্র আহ্বান করা হবে।নোয়াখালী-ফেনী: নোয়াখালী-ফেনী মহাসড়কসহ নোয়াখালী অঞ্চলের প্রায় প্রতিটি সড়কের দুই পাশের বিশাল জায়গা অবৈধ দখলে চলে গেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানগুলো আবার দখল হয়ে গেছে। সওজ বিভাগের নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনটি সড়কে প্রায় সাড়ে ৫০০ অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। সওজের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, অভিযান চালানোর জন্য ম্যাজিস্ট্রেট নেই। ম্যাজিস্ট্রেট ছাড়া উচ্ছেদ অভিযানে গেলে উল্টো সওজের লোকদেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য জেলা প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে।রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি ও রাঙামাটি-বান্দরবান: রাঙামাটির প্রধান সড়কগুলো হলো রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি ও রাঙামাটি-বান্দরবান। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার সড়কটি পাঁচ লেন করার কাজ আংশিক শুরু হয়েছে। পাশাপাশি ভূমি অধিগ্রহণের কাজও চলছে।রাঙামাটি সওজের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন জানান, জেলার অধিকাংশ সড়ক সেনাবাহিনীর ১৯ ইসিবির তত্ত্বাবধানে রয়েছে। শুধু রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ৪১ কিলোমিটার এবং রাঙামাটি-নানিয়ারচর সড়কের ৩১ কিলোমিটার সড়ক সওজের তত্ত্বাবধানে রয়েছে।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন একরামুল হক, চট্টগ্রাম; আবদুল কুদ্দুস, কক্সবাজার; হরি কিশোর চাকমা, রাঙামাটি; গাজীউল হক, কুমিল্লা ও মাহবুবুর রহমান, নোয়াখালী)