পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেক্টর সদর দপ্তর, ঢাকা ইউনিটের মামলায় ৮৪ জন আসামির সবার সাজা হয়েছে। গতকাল বুধবার সকালে এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে আসামিদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ নিয়ে ২০০৯ সালে পিলখানায় বিদ্রোহের ঘটনায় করা ১১টি মামলার মধ্যে দুটির রায় হলো।পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১১-তে গতকাল এ মামলার রায় হয়। বিশেষ আদালত-১১-এর সভাপতি ও বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ এ রায় দেন। রায় ঘোষণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসামিরা একসঙ্গে চিৎকার করে বলেন, ‘এ অন্যায়, আমরা এ রায় মানি না।’রায়ে বাহিনীর (বিলুপ্ত বিডিআর) নিজস্ব আইনে সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় ২৩ জনকে। অন্যদের মধ্যে দুজনকে ছয় বছর করে, একজনকে পাঁচ বছর, পাঁচজনকে চার বছর, ১৯ জনকে তিন বছর, পাঁচজনকে সাড়ে তিন বছর, ১৩ জনকে দুই বছর, নয়জনকে আড়াই বছর, একজনকে দুই বছর নয় মাস, তিনজনকে এক বছর, একজনকে দেড় বছর, একজনকে নয় মাস ও একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।বিজিবির কর্মকর্তারা জানান, সাত বছর করে কারাদণ্ডপ্রাপ্ত ২৩ জনের মধ্যে আটজন পিলখানায় হত্যা-লুণ্ঠন মামলারও আসামি।সকাল সোয়া নয়টার পর আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে এজলাসে আসেন বিশেষ আদালত-১১-এর সভাপতি কর্নেল ইফতেখার। এরপর আসেন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. শাহাদত হোসেন ও মেজর মতিউর রহমান এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ কিসলু। এর আগেই কড়া পাহারায় আসামিদের আদালতে হাজির করা হয়।আদালতের সভাপতি বলেন, এ আদালত সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে বিচারকাজ করেছেন। ২৩ ফেব্রুয়ারি থেকে এ বিচারকাজ শুরু হয়। মোট ৮৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন নায়েক সুবেদার শাহ আলম ভূঁইয়া। দুজন আসামি মারা যাওয়ায় অভিযোগ থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।আদালত ১৮ কার্যদিবসে বিচার শেষ করেছেন। মামলায় ৩৩ জন সাক্ষী ও ১৮ জন সাফাই সাক্ষী ছিলেন। কিন্তু আসামিদের একজন ছাড়া বাকিরা সাফাই সাক্ষী আনতে ব্যর্থ হন। তবে ৪৯ জন আসামির পক্ষে ১১ জন বেসামরিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।অপরাধ: আদালতের সভাপতি বলেন, আসামিদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৩৭ জনের বিরুদ্ধে মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ করা, ৭৩ জনের বিরুদ্ধে নিজে বিদ্রোহে অংশগ্রহণ করা ও অন্যদের উৎসাহিত করা, ২৬ জনের বিরুদ্ধে অধীনস্ত ব্যক্তিদের নিয়ন্ত্রণ না করা, ২১ জনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে অংশ নেওয়া, একজনের বিরুদ্ধে বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া ও একজনের বিরুদ্ধে লাশ গুমে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হয়েছে।সভাপতি আদালতে বলেন, পাঁচজন নিজেদের দোষ স্বীকার করেছেন। তাঁদের দোষ স্বীকারের বিষয়টি বিবেচনায় আনা হয়েছে।দোষ স্বীকার করা পাঁচজনের মধ্যে তিনজনকে এক বছর করে, একজনকে নয় মাস ও অপরজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।প্রতিক্রিয়া: রায় ঘোষণার সঙ্গে সঙ্গে এক আসামি দাঁড়িয়ে বিচারককে কিছু বলতে চান। বিচারক আদালত ত্যাগ করার সময় আসামিরা একসঙ্গে চিৎকার করে বলেন, ‘আমরা নির্দোষ। এ বিচার মানি না।’ এ সময় নিরাপত্তাকর্মীরা তৎপর হলে আসামিরা চুপ হয়ে যান। রায়ের পর কড়া পাহারায় আসামিদের কারাগারে নেওয়া হয়। এ সময় তাঁদের সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হয়নি।ব্রিফিং: রায়ের পর দরবার হলে সংবাদ ব্রিফিংয়ে এই মামলার প্রসিকিউটর মেজর তসলিম উদ্দিন বলেন, রায় ঘোষণার পর থেকেই তা কার্যকর হয়ে যাবে। দোষী জওয়ানরা বাহিনী থেকে আর সুবিধা পাবেন না। বিশেষ পিপি মনজুর মোহাম্মদ শাহনেওয়াজ ও বিশেষ প্রসিকিউটর মনজুর আলম এ সময় উপস্থিত ছিলেন।৪৮ মামলার রায় হলো: গতকালের রায়সহ বিডিআর বিদ্রোহের ঘটনায় ঢাকা ও ঢাকার বাইরে মিলে ৪৮টি মামলার রায় হলো। এসব মামলায় দুই হাজার ৮৮ জনের সাজা হয়েছে এবং খালাস পেয়েছেন ৫৯ জন। ঢাকার বাইরে ৪৬টি স্থানে বিদ্রোহের ঘটনায় হওয়া ৪৬টি মামলার বিচার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পিলখানায় বিদ্রোহের ঘটনায় বাকি নয়টি মামলার বিচারকাজ চলছে। এসব মামলায় মোট আসামি তিন হাজার ৮৯৯ জন।এ ছাড়া পিলখানায় হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুরসহ বিভিন্ন অপরাধে করা মামলায় ৮৫০ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।