১৩ বছর ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় না। এখন ভারপ্রাপ্তদের দিয়েই চলছে দলটি।দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোরও একই দশা। জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির বয়স হয়েছে সাত বছর। ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ২০০৪ সালে। কৃষক লীগেরও একই অবস্থা।একাধিক প্রবীণ নেতা জানান, ১৯৮৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত এখানকার আওয়ামী লীগের রাজনীতির একচ্ছত্র নিয়ন্ত্রক ছিলেন ‘সন্ত্রাসের গডফাদার’ হিসেবে পরিচিত জয়নাল হাজারী। তাঁর পেশিশক্তিনির্ভর রাজনীতির কারণে দলে নতুন নেতৃত্বও গড়ে উঠতে পারেনি বা তিনি উঠতে দেননি। জয়নাল হাজারীর পতন হলেও ফেনীতে আওয়ামী লীগের রাজনীতির ‘পেশিশক্তি নির্ভরতা’ থেকে মুক্ত হতে পারেনি। জানা গেছে, আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও নিজাম হাজারীই এখন ফেনী জেলায় আওয়ামী লীগের একক নিয়ন্ত্রক। জয়নাল হাজারীর একসময়কার অনুসারী নিজাম হাজারী এবার ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। এরপর তাঁকে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা হয়েছে। তাঁর দাপটের মুখে জয়নাল হাজারী এখন ফেনীর রাজনীতি থেকে নির্বাসিত। তিনি এখন ঢাকায় নিভৃত দিন কাটাচ্ছেন। ‘ক্লাস কমিটি’ ও ‘স্টিয়ারিং কমিটি’ নামে পরিচিত জয়নাল হাজারীর বাহিনীর সদস্যদের অধিকাংশই এখন নিজামের শিষ্যত্ব মেনে নিয়েছেন। অবশ্য নিজাম হাজারীর দাবি, ‘তারা এখন শুদ্ধতার পথে আছে।’ তিনি বলেন, ফেনী একসময় সন্ত্রাসের রাজ্য হিসেবে পরিচিত ছিল। তাঁরা এখন সেই অপবাদ ঘোচানো এবং সুস্থ রাজনীতির মাধ্যমে দলকে সংঘটিত করার লক্ষ্যে কাজ করছেন। দলীয় সূত্র জানায়, ১৯৯৭ সালের নভেম্বরে ফেনী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জয়নাল হাজারীর ইচ্ছায় ও তাঁর অনুগতদের নিয়েই মূলত জেলা কমিটি গঠন করা হয়েছিল। এতে আবুল কাশেমকে সভাপতি ও জয়নাল হাজারী নিজে সাধারণ সম্পাদক হন। সম্মেলনের এক বছর পর সভাপতি আবুল কাশেম মারা যান। তখন জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিছুদিন পর কোব্বাদ আহম্মদ চিকিৎসার জন্য ভারতে গেলে আজিজ আহম্মদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এর পর ১১ বছর ধরে আজিজ আহম্মদ চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি।অসংখ্য সন্ত্রাসী ঘটনায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল হাজারীর বাসায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০১ সালের ১৬ আগস্ট রাতে যৌথ বাহিনী অভিযান চালায়। তিনি তখন পালিয়ে ভারতে চলে যান। এর পর সাত বছর তিনি পলাতক ছিলেন। তাঁর অনুপস্থিতিতে ২০০৩ সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আবদুর রহমান। এখনো তিনি একই পদে বহাল আছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জয়নাল হাজারী দেশে ফিরে এলেও পূর্ব পদ আর ফিরে পাননি। কারণ, এর আগে ২০০৪ সালের পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতার দায়ে তাঁকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। সেই বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি।২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর ফেনী জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনে নতুন মেরুকরণ শুরু হয়। আর এর নেতৃত্ব দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিজাম হাজারী। কোনো পদে বা কোনো কমিটির পরিবর্তন না হলেও ক্ষমতাসীন দলটির এখন সব কর্মকাণ্ড চলছে নিজাম হাজারীকে ঘিরে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমানের মতে, ফেনীতে আওয়ামী লীগের রাজনীতি সচল করতে সম্মেলন করে নতুন কমিটি গঠন জরুরি। তিনি বলেন, বারবার কেন্দ্রীয় কমিটিকে লিখিত ও মৌখিকভাবে বলেও কাজ হয়নি।আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর মধ্যে জেলা যুবলীগের ৯০ দিনের জন্য গঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ সাত বছরেও শেষ হয়নি। যুবলীগের আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য জাহাঙ্গীর কবির আদেল প্রথম আলোকে বলেন, কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের অনাস্থা দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছেন অনেক দিন ধরে। কিন্তু কোনো ফল হয়নি।জেলা ছাত্রলীগের সভাপতি দিদারুল কবির দাগনভূঞা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। সম্পাদকসহ অন্যরা সবাই ঠিকাদারি নিয়ে ব্যস্ত। ছয় বছর আগে গঠিত কমিটিতে বর্তমানে আর কোনো ছাত্র নেই। অধিকাংশ সদস্য বিয়ে করে ঘর-সংসার করছেন।শুধু জেলাই নয়, সব উপজেলা ও ইউনিয়নেও যুবলীগ ও ছাত্রলীগের একই অবস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী বলেন, সংগঠন ঘোছানো বা দল পরিচালনা নিয়ে কারও চিন্তা নেই। দল ক্ষমতায় আসার পর সবাই কিছু পেতে চায়। এ নিয়েই সবার ব্যস্ততা।