আরেক হাসপাতালে নেওয়া হলো মালালাকে
পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানদের গুলিতে আহত নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কর্মী মালালা ইউসুফজাইকে (১৪) পেশোয়ারের সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে রাওয়ালপিন্ডির আরেকটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। উন্নত চিকিত্সার জন্য তাঁকে সেখানে নেওয়া হয়।বিবিসির খবরে বলা হয়, মালালাকে রাওয়ালপিন্ডির আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডির সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিত্সক দল জানায়, পেশোয়ারের চিকিত্সকেরা মালালার স্নায়ুগত চিকিত্সা করেছেন। তার অবস্থা উন্নতির দিকে। তবে সামনের দিনগুলো মালালার জন্য গুরুত্বপূর্ণ। তাই এ সময়ে তার বিশেষ যত্নের প্রয়োজন। মালালার আরেক চিকিত্সক মুমতাজ খান জানান, তার সেরে ওঠার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নর মাসুদ কাওসার বলেন, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মালালার অবস্থা এখন আশঙ্কামুক্ত নয়। এদিকে মালালা ইউসুফজাই গুলিবিদ্ধ হওয়ার পর পাকিস্তানজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে সোয়াত উপত্যকার মিংগোরা শহরে গত মঙ্গলবার স্কুলবাসে হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলায় মালালা মাথায় গুলিবিদ্ধ হয়। তালেবান জঙ্গিরা এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। তালেবান জঙ্গি দলের মুখপাত্র এহসানউল্লাহ এহসান জানান, মালালা পশ্চিমা সংস্কৃতির প্রতীক। তাকে আবার হত্যার চেষ্টা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, শিক্ষার অধিকারের জন্য মালালার লড়াই অশ্লীলতা ছাড়া আর কিছু নয়।