আরেকজনের প্রাণ গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতায় আরও একজনের প্রাণ গেল। গতকাল রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াতের একজন কর্মী নিহত হন। আহত হয়েছেন পুলিশ-সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদে বিএনপি আজ রাজশাহীতে আধাবেলা হরতাল ডেকেছে।আগের দিন চাঁদপুর ও লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে চারজন নিহত হন। রাজনৈতিক সহিংসতায় এ নিয়ে দুই দিনে পাঁচজনের মৃত্যু হলো। সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের ৬০ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে মহানগর পুলিশের দুই পরিদর্শকসহ সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩০)। তিনি ইসলামী ব্যাংক হাসপাতালের ওয়ার্ড বয়। তাঁর বাড়ি শহরের বহরমপুর অচিনতলা এলাকায়। বাবার নাম আবদুর রহিম।বেলা সাড়ে তিনটার দিকে জামায়াত-শিবির লোকনাথ স্কুলের পেছন থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়ে। একপর্যায়ে শটগান থেকে গুলি চালায় পুলিশ। এ সময় শফিকুলের পিঠে গুলি লাগে। পুলিশ গুরুতর আহতাবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে রাজশাহী মেডিকেলে নেয়। হাসপাতালে আনার পথেই শফিকুল মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক সাইফুল ইসলাম।বিকেল পাঁচটার দিকে জামায়াত-শিবির আরও সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ দৌড়ে রাজশাহী কলেজের সামনে চলে আসে। মিছিল নিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা লোকনাথ স্কুলের পেছনের সড়ক দখল করে নেন।জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইমাজ উদ্দিন দাবি করেন, পুলিশ তাঁদের নেতা-কর্মীদের ওপর অসংখ্য গুলি ছুড়েছে। এতে শফিকুল ইসলাম মারা যান।তবে মহানগর পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ এ অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াত-শিবিরই পুলিশের ওপরে দু-তিন দিক থেকে আক্রমণ করে। তাদের হাতেই অস্ত্র ছিল। তাদের গুলিতেই তাদের কর্মী মারা যেতে পারে।এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় চারদলীয় জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার রাজশাহীতে আধাবেলা হরতাল ডাকা হয়। কাল বুধবার দোয়া দিবস ও তিন দিনের শোক পালনের কর্মসূচি ঘোষণা করেন মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান।শহরে প্রবেশে বাধা: বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা বাসযোগে শহরে ঢোকার চেষ্টা করলে তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন বলেন, নগরের নওদাপাড়ায় রাজশাহী-নওগাঁ সড়কে নেতা-কর্মীরা একটি ট্রাক থেকে ইট নামিয়ে ব্যারিকেড দেয়। পুলিশ এসে ব্যারিকেড তুলে দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে বাগমারা, মোহনপুর ও তানোর উপজেলার নেতা-কর্মীরা প্রায় ২০টি বাস নিয়ে শহরে ঢোকার অপেক্ষায় ছিলেন।বিএনপির মিছিল: মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে নগরের লোকনাথ স্কুলের সামনে বিএনপির নেতা-কর্মীরা গণমিছিলে অংশ নিতে জড় হন। এ ছাড়া জেলা বিএনপির একাংশ নাদিম মোস্তফার নেতৃত্বে রাজশাহী কলেজ মাঠে এবং অপরাংশ পদ্মা কমিউনিটি সেন্টারের সামনে জড় হয়। তবে তাদের মিছিল কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।