আরেকটা এক-এগারো চায় বিএনপি
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি দেশে আরেকটা এক-এগারো সৃষ্টি করতে চায়। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী জামায়াত আজ বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। তাই সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর হোক, গণতন্ত্রের সুষ্ঠু ধারা বজায় থাকুক, তা তারা চায় না।’ খবর বাসসের।আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জনতার প্রত্যাশা ও বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদ নামের দুটি সংগঠন আয়োজিত ‘যুদ্ধাপরাধের শাস্তি: দেশবাসীর প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন কামরুল।জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিমের সভাপতিত্বে সভায় মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব শাহজাহান আলম সাজু, আবাহনী লিমিটেডের পরিচালক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য দেন।সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন শান্তিপূর্ণ হোক, বিএনপি তা চায় না। এ কারণেই তারা গণ-অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। আন্দোলনের নামে বারবার তারা নৈরাজ্য সৃষ্টি করছে।’ তিনি বলেন, ‘দেশ আজ জঙ্গিমুক্ত। এমনটা বিরোধী দলের ভালো লাগছে না।’ তত্ত্বাবধায়ক প্রসঙ্গে কামরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। অন্তর্বর্তী সরকারের রূপরেখা কেমন হবে, সে বিষয়ে বিরোধী দল সংসদে এসে আলোচনা করতে পারে। তবে বিএনপি আসুক আর না আসুক, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে।’