সারা বছর সন্তানদের জন্য অপেক্ষা করেন মা।কখন সন্তানেরা ঈদের ছুটিতে বাড়ি ফিরবেন, কাটাবেন পরিবারের সঙ্গে নিবিড় সময়। কোনো কোনো পরিবার ঈদের ছুটিতে মা-বাবার সঙ্গে দেখা করতে বাড়ি যান।ছুটি শেষ হয়। সন্তানেরা তাঁদের পরিবারসহ ফিরে আসেন কর্মস্থলে। মায়ের মুখের হাসি ম্লান হয়েযায়। মা অপেক্ষা করতে থাকেন আরেকটি ঈদের জন্য। এমনই তিন মাকে নিয়েএবারের প্রতিবেদন
আরেকটি ঈদের অপেক্ষায়...
প্রতিটা দিন যদি ঈদ হতো আবদুল কুদ্দুস, কক্সবাজারঈদের প্রথম দিন সকাল ১০টা। মাকে নিয়ে সব ছেলেমেয়ে ব্যস্ত। সবার হাসিতে মুখর ঘরের সবুজ আঙিনা। ঈদ বলে কথা। ঈদ উপলক্ষে দূরে থাকা সব ছেলেমেয়েকে একসঙ্গে পেয়ে মহা খুশি মা দিলবর জাহান।দিলবর জাহানের বাড়ি কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী উপজেলার আরেক দ্বীপ ইউনিয়ন মাতারবাড়ির মিয়াজিপাড়া গ্রামে। একসময় ছেলেমেয়েদের হইচই আর কোলাহলে তাঁর ভালো সময় কাটলেও এখন তিনি বড় একা। ছেলেদের কেউ দেশের বাইরে, কেউ দেশে চাকরিবাকরি, লেখাপড়া নিয়ে ব্যস্ত। মেয়েদেরও বিয়ে হয়েছে বহু আগে। ঘরে থাকেন শুধু বৃদ্ধ স্বামী আবদুর রাজ্জাক (৭৩), প্রবাসী ছেলের এক বউ আর চার বছরের এক নাতি।আজ মায়ের মন ফুরফুরে। ঈদের বাঁধভাঙা আনন্দে তাঁর মলিন চেহারায় সোনালি ঝিলিক। আজ তিনি তাঁর সব ছেলেমেয়েকে কাছে পেয়েছেন। নিজের হাতে ছেলেমেয়ে, বউ, নাতিদের সেমাই, মুরগির সঙ্গে চালের তৈরি পিঠা খাইয়ে দিতে পারছেন। মায়ের খুশিতে ছেলেমেয়েরাও আনন্দিত। এমন খুশির ঈদ কজনের হয়? ইস! প্রতিটা দিন যদি ঈদ হতো!দিলবর জাহান জানান, ‘এই ছেলেমেয়েদের জন্য জীবনে কত কষ্ট করেছি, কত দুঃখ-বেদনা সয়েছি, তার ইয়ত্তা নেই। অথচ এই আদরের সন্তানেরা সারাটা বছর মাকে ফেলে দূরে দূরে থাকে। ঈদ এলে তাদের সামনে পাই। তাই কখন ঈদ আসবে সেই অপেক্ষায় থাকি।’দিলবরের চার ছেলে, তিন মেয়ে। বড় ছেলে মামুনুর রশিদের বয়স ৩৬। ১২ বছর ধরে সৌদি আরবে চাকরি করছেন। কয়েক বছর পরপর তিনি দেশে এসে মাকে দেখে যান। দ্বিতীয় ছেলে মোহাম্মদ মহসিন (৩২) একটি বেসরকারি ওষুধ কোম্পানির উপজেলা পর্যায়ের বিক্রয় প্রতিনিধি। তৃতীয় ছেলে মো. ইকবাল হোসেন (২৮) তিন বছর ধরে চকরিয়ায় বেসরকারি একটি ব্যাংকে চাকরি করছেন। আর ছোট ছেলে মিনহাজুল আবেদীন (২২) চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে অনেক আগে। ছোট মেয়ে উম্মে সালমা (২৪) চার বছর ধরে মহেশখালীর নুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।ঈদের প্রথম দিন তাঁদের বাড়িতে গিয়ে দেখা গেল, ঈদের নতুন শাড়ি পরে মা দিলবর জাহান দুই নাতিকে নিয়ে ঘরের বাইরে বারান্দায় বসে গল্পগুজব করছেন। দিলবরের পাশে বসে নাতিদের নিয়ে মজা করার এই আনন্দ উপভোগ করছেন স্বামী আবদুর রাজ্জাক।একটু পরে রান্না করা সেমাই, নুডল্স, মাংস-রুটি নিয়ে হাজির বউরা। শুরু হলো ডাকাডাকি। ছেলেরা অনেকটা জোর করে মাকে টেবিলে বসিয়ে দিলেন। পাশে বসলেন বউ-নাতিরা। সবাই মাকে খাইয়ে দিতে ব্যস্ত। মা শুধু ‘না না’ করছিলেন। একপর্যায়ে মা নিজ হাতে একে একে সব ছেলেমেয়ে-বউকে মুখে তুলে দিলেন ঈদের সেমাই, নুডল্স।শুরু হলো আনন্দের বন্যা।রাত পোহালেই বিদায়আরিফুল হক, রংপুর‘একটি দিনের অপেক্ষায় বসে থাকা। ওরা (সন্তানেরা) আসবে। ওরা আসে। প্রাণটা জুড়িয়ে যায়। মায়ের বুক ভরে ওঠে। এ সময় কত কিছুই না করতে ইচ্ছে করে। এই বয়সেও ছোটাছুটি। নানা ধরনের রান্না। কোন ছেলের কী পছন্দ। কোনো কিছুই যেন বাদ না যায়। কত না আয়োজন। কিন্তু রাত পোহালেই বিদায়ের সুর। ওরা আবার চলে যায়। আবার অপেক্ষা। কবে ফিরে আসবে ঈদ।’ কথাগুলো বলছিলেন ষাটোর্ধ্ব মালেকা বানু। বছরের পর বছর ধরে মায়ের কাছ থেকে দূরে থাকেন সন্তানেরা। অনেক আশায় বুক বেঁধে অপেক্ষা করেন সন্তানদের কাছে পাওয়ার জন্য। সেই সঙ্গে ছেলের বউ, মেয়েসহ নাতি-নাতনিদের কাছে পেতে ফিরে আসে আনন্দের ঈদ। ঈদকে ঘিরে সবাই একসঙ্গে মিলিত হন।এবারের ঈদে রংপুরে এমনই একজন গর্বিত মা মালেকা বানু চার ছেলে, ছেলের বউ, দুই মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে ঈদের আনন্দ করেছেন। তাঁর স্বামী রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক মোজাম্মেল হক।মা বললেন, ‘এক দিন; বড়জোর দুই দিন। আবার মায়ের কোল খালি হয়ে যায়। কিন্তু এর পরও বড় ভালো লাগে যে সন্তানদের বড় করতে পেরেছি। মানুষ করতে পেরেছি।’বড় ছেলে এ বি এম সামসুল কিবরিয়া থাকেন বগুড়ায়। চাকরি করেন পেট্রোলিয়াম করপোরেশনে। পদ্মা অয়েল কোম্পানির সহকারী ব্যবস্থাপক। এর পরেরজন এ বি এম রেজাউল করিম ঢাকার ইডেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক। মেজো ছেলে এ বি এম শেফাউল কবীর লে. কর্নেল; থাকেন সিলেটে। তিন মেয়ের একজন প্রবাসে অবস্থান করায় আসতে না পারলেও দুই মেয়ে শামসুন নাহার ও রওশন নাহার এবার মায়ের সঙ্গে ঈদ করেছেন।মায়ের মুখে হাসি। পুরো বাড়িতে উৎসব। বাড়ির আঙিনায় নাতি-নাতনিরা ছোটাছুটি করছে। করছে হইহুল্লোড়। অনুভূতি জানতে চাইলে তিনি বলে ওঠেন, ‘ওরা চাকরি করছে। ভালো আছে। এই তো মায়ের আশা। প্রত্যেক মা-ই আশা করেন, সন্তানেরা মায়ের বুকে এমনি করে বারবার ফিরে আসুক।’ দুই ঈদে সম্ভব না হলেও এই ঈদে সবাই আসার চেষ্টা করে থাকেন বলে মা মালেকা বানু বললেন এমন কথা।ইডেন কলেজের শিক্ষক রেজাউল করিম বলেন, ‘এই ঈদে আমরা সবাই একসঙ্গে হয়ে থাকি। বাবা-মায়ের জন্যই তো ছুটে আসা। তাঁদের সঙ্গে ঈদ করা।’ সিলেটে থাকা ছেলে লে. কর্নেল শেফাউল কবীর বলেন, ঈদ করে কর্মস্থলে ফিরে যাওয়ার সময় বাবা-মাকে দেখে কষ্ট লাগে। গর্বিত মা বলেন, চার ছেলে ও তিন মেয়েকে কোলে-পিঠে করে বড় করেছি। পড়াশোনার জন্য ওরা বাইরে ছিল, এরপর ভালো একটা চাকরি নিয়ে দেশের বিভিন্ন জেলায় অবস্থান করে আসছে। বছরের এই দিনটায় পুরো বাড়ি যেন সরগরম হয়ে ওঠে। সন্তানদের কাছে পেয়ে মনেই হয় না যে এত বয়স হয়েছে।ঈদে বাড়িতে বসে আনন্দের মেলাআবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী‘ওদের বিদায় দিয়ে যখন ফিরে আসি, তখন ঘরের ভেতর শূন্যতার হাহাকার। আমার বুকের ভেতর কী যে হয়, আমি কাউকে দেখাতে পারব না।’ ঈদ শেষে ছেলেমেয়েদের বিদায় দিয়ে বাসায় ফেরার অনুভূতির কথা এভাবেই বলছিলেন রাজশাহী নগরের এক মা হাবিবা কবির (৬৩)। নগরের কালু মিস্ত্রির মোড়ের ধানসিড়ি নামের এই বাড়িতে সারা বছর থাকেন তাঁরা স্বামী-স্ত্রী দুজনে। আর ঈদের ছুটিতে হঠাৎ করেই পরিবারের সদস্যসংখ্যা বেড়ে দুই থেকে ষোলোতে দাঁড়ায়। নীরব বাড়িটি সরব হয়ে ওঠে। এই পরিবারের কর্তা এস এম লুৎফুল কবির (৭৩) সরকারি চাকুরে ছিলেন। পাঁচ ছেলের সবাই চাকরি ও ব্যবসা সূত্রে বাইরে থাকেন। একমাত্র মেয়ে মৌসুমী কবিরও বৈবাহিক সূত্রে ঢাকায়।এবার ঈদের আগের দিনে ধানসিড়ি বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট বাচ্চাদের উচ্ছলতায় বাড়ি সরগরম। হাবিবা কবির বলেন, বাড়ির এ রকম পরিবেশ সারা বছর থাকে না। অন্য সময় তাঁদের স্বামী-স্ত্রী দুজনই থাকেন। এস এম লুৎফুল কবির বললেন, ‘আমার বাড়ির একটা রেওয়াজ আছে, প্রথম ইফতারে সব ছেলেমেয়েকে বাড়িতে আসতেই হবে। সবাই একসঙ্গে প্রথম ইফতার করতে হবে। তারপর সবাই চলে যাবে। ঠিক ঈদের দিন সবাইকে আবার আসতে হবে। এটা একটি অলিখিত নিয়ম। এ জন্য সারা বছর ধরে আমাদের ঈদের জন্যই অপেক্ষা করতে হয়।’বাড়িটার বসার ঘরে দেখা গেল ডেস্কটপ কম্পিউটার। কে এই কম্পিউটার ব্যবহার করেন, জানতে চাইলে ঢাকা থেকে ঈদ করতে বাড়ি আসা পরিবারেরর চতুর্থ ছেলে হাসিব আহাম্মেদ কবির বললেন, নিঃসঙ্গ মা-বাবার মতোই কম্পিউটারটি সারা বছর টেবিলের ওপরই পড়ে থাকে। তাঁরা বাসা ছেড়ে যাওয়ার আগে ওটি যেভাবে রেখে গেছেন, সেভাবেই পড়ে রয়েছে।কথা বলার সময় হাবিবা কবির ও লুৎফুল কবির এসে বসার ঘরে বসলেন। আর হাবিবা কবিরকে ঘিরে তাঁর নাতি-নাতনিরা চারদিকে জটলা করতে লাগল। হাবিবা কবির বলেন, এখন মোবাইল ফোনের কারণে ছেলেমেয়েদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ হয়। কিন্তু ঈদের দিনে বাড়িতে যে আনন্দের মেলা বসে, তার সঙ্গে আর কিছুরই তুলনা হয় না। ঈদ শেষে সেই মেলা যখন ভেঙে যায়, তখন সারা বছরের নিঃসঙ্গতা এসে উপস্থিত হয়। এখন হাত বাড়ালেই নাতি-পুতি এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ছে। শুধু এক-আধ মিনিট কথা বলে হয়তো খবর পাওয়া যায়, কিন্তু বুকের তৃষ্ণা মেটে না।একটু চুপ করে থেকে তিনি বলেন, ‘ওরা চলে যাওয়ার পর প্রথম প্রথম বাড়িটাকে পাষাণপুরি বলে মনে হয়। এক দিন-দুই দিন করে আস্তে আস্তে স্বাভাবিক হই।’