মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া আরও গতিশীল করতে আরেকটি ট্রাইব্যুনাল গঠনের চিন্তা করছে সরকার। এ বিচারের জন্য ইতিমধ্যে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বর্তমানে ট্রাইব্যুনাল-১-এ চারটি মামলা ও ট্রাইব্যুনাল-২-এ পাঁচটি মামলার কার্যক্রম চলছে। ভবিষ্যতে আরও মামলা হলে যেন জট না লাগে, এ জন্য তৃতীয় ট্রাইব্যুনাল গঠনের চিন্তাভাবনা চলছে বলে বিচারের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও তদন্ত সংস্থার সূত্র জানায়।সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, ২৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তৃতীয় ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিসহ কয়েকজন কৌঁসুলি, তদন্ত সংস্থার সমন্বয়কসহ অন্য সদস্যরা। বৈঠকে মানবতাবিরোধী অপরাধের চলমান মামলাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনাসহ ট্রাইব্যুনাল, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দল ও তদন্ত সংস্থার বিভিন্ন প্রয়োজন ও সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যে আরও আটজনের বিরুদ্ধে তদন্ত শেষ হতে পারে— আলোচনার একপর্যায়ে এমন তথ্য উঠে এলে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন হবে বলে মত আসে। মামলা নিষ্পত্তিতে যাতে বেশি সময় না যায়, তা বিবেচনায় নিয়ে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন করার পক্ষে মত দেওয়া হয়। জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আরেকটি ট্রাইব্যুনাল গঠনের চিন্তা আমাদের মাথায় আছে। তবে ঠিক এ মুহূর্তে তা হচ্ছে না। আরও কয়েকটি মামলা তদন্তাধীন রয়েছে, আমরা সেগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করছি। এগুলোর তদন্ত শেষে মামলার সংখ্যা যদি এমন হয় যে দুটি ট্রাইব্যুনালের পক্ষে সেগুলো নিষ্পত্তি করা কঠিন হতে পারে, তখন সরকার আরেকটি ট্রাইব্যুনাল গঠন করবে।’ তিনি বলেন, বিচার গতিশীল করতে কোনো কার্পণ্য করা হবে না। বর্তমানে দুটি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার গতিতে সন্তোষ জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘এ ধরনের বিচার শেষ করতে সময় লাগে। তবে দুই ট্রাইব্যুনালেই মামলার কার্যক্রমে গতি পেয়েছে, আশা করছি আরও পাবে।’মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ প্রথম ট্রাইব্যুনালটি গঠন করে সরকার। এর দুই বছর পর চলতি বছরের ২২ মার্চ দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়। ট্রাইব্যুনাল-১-এ বর্তমানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা মামলার বিচারকাজ চলছে। এ ট্রাইব্যুনালে আরও তিনটি বিবিধ মামলা রয়েছে। এগুলো জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আবদুস সুবহান, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে করা। তাঁদের বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি। ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা, দলটির সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ এবং সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে করা মামলা বিচারাধীন।প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তদন্ত সংস্থা: সম্প্রতি মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার জন্য ৩৫১ জন কর্মকর্তা-কর্মচারীর জনবল কাঠামো অনুমোদন করেছে সরকার। তদন্ত সংস্থা জানায়, এবার তারা দেশের বৃহত্তর (পুরোনো) ১৯টি জেলায় শাখা কার্যালয় স্থাপন করবে। এ ছাড়া সংস্থাটির কার্যালয়ের জন্য একটি ভবন বরাদ্দ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখা-৫ থেকে তদন্ত সংস্থার জন্য বিভিন্ন ধরনের ৩৫১টি পদ সৃষ্টি, ৬২টি যানবাহন ও ১৯২টি অফিস সরঞ্জাম কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। তদন্ত সংস্থা জানায়, একাত্তরে যে ১৯টি জেলা ছিল, সেগুলোতে তদন্ত সংস্থার শাখা কার্যালয় স্থাপন করা হবে। এতে সারা দেশে তদন্তের অপেক্ষায় থাকা মানবতাবিরোধী অপরাধের প্রায় ৫৫০টি অভিযোগ ও মামলার তদন্ত দ্রুত শেষ করা যাবে।সূত্র জানায়, সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, দেশের সাতটি বিভাগে ৫৩৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ও মামলা তদন্তের অপেক্ষায় আছে। এগুলোতে দুই হাজার ৯৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এ পর্যন্ত ঢাকায় ১০৪টি, চট্টগ্রামে ৮২টি, রাজশাহীতে ৬৩টি, খুলনায় ১৫৯টি, সিলেটে ৫০টি, বরিশালে ৪৭টি ও রংপুরে ২৮টি অভিযোগ ও মামলা পাওয়া গেছে। তদন্ত সংস্থার শাখা কার্যালয়গুলো স্থাপন ও পদায়ন হলে এসব অভিযোগের তদন্ত শুরু হবে। এ বছরের ডিসেম্বরের মধ্যে আরও আটজনের তদন্ত শেষ হলে মোট ১৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হবে। তদন্ত সংস্থাও মনে করে, সে ক্ষেত্রে দুটি ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলা দ্রুত নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়বে।তদন্ত সংস্থার কো-কোঅর্ডিনেটর এম সানাউল হক প্রথম আলোকে বলেন, ‘দ্রুত জনবল নিয়োগ শেষ করে সারা দেশে অপেক্ষমাণ অভিযোগগুলোর তদন্ত শুরু হবে। সংস্থার জনবল ও বর্ধিত কাঠামোতে দ্রুত তদন্ত শেষ করা যাবে। সরকার তখন প্রয়োজন মনে করলে আরেকটি ট্রাইব্যুনাল করতে পারে।’অনুমোদিত কাঠামো অনুসারে একজন সমন্বয়ক, একজন কো-সমন্বয়ক ও একজন পরিচালকের অধীনে সংস্থাটি পরিচালিত হবে। মাঠপর্যায়ের তদন্ত ও তত্ত্বাবধানের জন্য তিনজন উপপরিচালক, নয়জন সহকারী পরিচালক, ৩০ জন উপসহকারী পরিচালক, ৫০ জন কনিষ্ঠ উপসহকারী পরিচালক এবং ১০ জন মাঠ কর্মকর্তা থাকবেন।