আরেকটি প্রাণের সন্ধান, উদ্ধারের চেষ্টা চলছে
সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলছে। ভবনের তৃতীয় তলায় একজন জীবিত আছেন বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকর্মীরা। জানা গেছে, তাঁর সঙ্গে আরও চার থেকে পাঁচজন জীবিত মানুষ আটকে থাকতে পারেন। তবে কারও কোনো সাড়াশব্দ না পাওয়ায় সেখানে ঠিক কতজন জীবিত আছেন, সে ব্যাপারে উদ্ধারকর্মীরা নিশ্চিত হতে পারেননি। গতকাল শনিবার বিকেল থেকে আজ রোববার বিকেল পাঁচটা পর্যন্ত জীবিত ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ আজ রোববার প্রথম আলো ডটকমকে জানান, ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিত ওই ব্যক্তিকে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। তিনি আরও জানান, ধ্বংসস্তূপের মধ্যে ভবনের অন্য তলাগুলোতে প্রচলিত পদ্ধতিতে (ম্যানুয়াল) উদ্ধারকাজ বন্ধ আছে। তৃতীয় তলাতেই ওই ব্যক্তিকে প্রচলিত পদ্ধতিতে উদ্ধারের চেষ্টা চলছে। তাঁকে উদ্ধারের পরে ভারি যন্ত্র ব্যবহার করা হতে পারে।