সিরাজগঞ্জে ট্রেনে হামলা, আগুন, সরকারি কর্মকর্তা-দের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আরও একটি মামলা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার মামলাটি করে। মামলায় অজ্ঞাতপরিচয় দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। মামলায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট আটটি মামলা হলো। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত দল দ্বিতীয় দিনে রেলওয়ের ১৫ জন কর্মকর্তা ও কর্মচারীর সাক্ষ্য নিয়েছেন। গতকাল শনিবার তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারীর কক্ষে সকাল ১০টা থেকে সাক্ষ্য নেওয়া শুরু হয়। ক্ষতিগ্রস্ত দ্রুতযান আন্তনগর এক্সপ্রেস ট্রেনের চালক (লোকো মাস্টার) আছির উদ্দীন, সহকারী চালক রাজগোবিন্দ দাস, অ্যাটেনডেন্ট ইব্রাহীমের সাক্ষ্য নেওয়া হয়। পরে সাক্ষ্য নেওয়া হয় বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের স্টেশন মাস্টার মহিউল ইসলাম, জামতৈল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আকবার আলী এবং মূলিবাড়ী রেলক্রসিংয়ের গেটকিপার হিরামন দাসের। শেষে জিআরপি থানার এএসআই গোলাম তৌহিদ, কনস্টেবল সহিদুল, কাজেম আলী, তৌহিদুল ইসলাম, আব্দুল আজিজ, শফিকুল ইসলামসহ মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। সবাই তদন্ত কর্মকর্তার অফিসে হাজির হয়ে মৌখিক এবং লিখিতভাবে সাক্ষ্য দেন। মামলায় অভিযোগ: ইউএনওর করা মামলায় উল্লেখ করা হয়, দলবদ্ধ ও বিচ্ছিন্নভাবে ‘ছাত্রদল’ লেখা গেঞ্জি পরা কয়েক হাজার ব্যক্তি দায়িত্বপালনরত সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায় এবং ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। তারা ফায়ার ব্রিগেডের গাড়ি ভাঙচুর করে। তাদের হামলায় ইউএনওসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা আহত হন। এ কারণে সরকারি সম্পদ নষ্ট এবং কর্মকর্তারা জীবননাশের হুমকির সম্মুখীন হয়।এ বিষয়ে ইউএনও গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিরোধীদলীয় নেত্রীর সরকারি প্রটোকলে আমি দায়িত্ব পালন করছিলাম। এ সময় ছাত্রদলের কর্মীরা আমাদের ওপর হামলা করে। এ কারণে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে দায়ের করা আটটি মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ পর্যন্ত এই মামলাগুলোয় সংশ্লিষ্ট মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হলো।’ গত ১১ অক্টোবর সোমবার বিকেল তিনটার দিকে ছাত্রদল আয়োজিত ছাত্র-গণজমায়েতে বেগম খালেদা জিয়ার বক্তব্যের আগে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তনগর দ্রুতযান টেন যাওয়ার পথে কাটা পড়ে ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রদলের কর্মীরা ট্রেনের ১১টি বগিতে আগুন ধরিয়ে দেয়।