আরেকটি মামলায় গ্রেপ্তার পাপিয়াসহ তিন আইনজীবী
গত জুন মাসে হরতালের সময় ধানমন্ডি থানায় করা একটি মামলায় বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁদের ১০ দিনের রিমান্ডে নিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়েছে। কাল বৃহস্পতিবার এর ওপর শুনানি হতে পারে।অন্য দুই আইনজীবী হলেন তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক। এর আগে গত সোমবার মহানগর হাকিম শাহদাত হোসেন রমনা থানায় দায়ের করা একটি মামলায় তাঁদের জামিন মঞ্জুর করেন।অন্যদিকে হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় এ তিনজনকে রিমান্ডে নেওয়ার আবেদনের ওপরও কাল এ শুনানি হবে।গত বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ তিনজনকে মত্স্য ভবনের মোড় থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর এবং সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) সোলায়মান হোসেন। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।