আরেকটি মামলায় ছয় মাসের জামিন পেলেন ফখরুল
মতিঝিল থানায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছয় মাসের জামিন পেয়েছেন।গতকাল সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলের করা জামিন আবেদনের শুনানি নিয়ে অর্ন্তবর্তীকালীন এ জামিন মঞ্জুর করেন। এর আগে এ মামলায় গত ১৫ জানুয়ারি মির্জা ফখরুলের জামিন আবেদন নাকচ করেন ঢাকার মহানগর দায়রা জজ। পরে গত রোববার এ মামলায় মির্জা ফখরুল হাইকোর্টে জামিনের আবেদন জানান। গতকাল মধ্যাহ্ন বিরতির পর আবেদনের ওপর শুনানি হয়। ফখরুলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। পরে মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, আরও দুটি মামলায় ফখরুলকে গ্রেপ্তার দেখানো আছে। ওই দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদনের জন্য পদক্ষেপ নেওয়া হবে।শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবীরা বলেন, গত ৯ ডিসেম্বর মতিঝিল থানার এ মামলার এজাহারে মির্জা ফখরুলের নাম ছিল না। প্রথম দুটি মামলায় জামিন পাওয়ার পর তাঁকে এ মামলায় উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাঁর বয়স ৬৪ বছর। তিনি হূদেরাগসহ নানা রোগে ভুগছেন। এ কারণে আদালত জামিন দিতে পারেন।জামিনের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল বলেন, ৯ ডিসেম্বর বিরোধী দলের রাজপথ অবরোধ কর্মসূচিতে কেউ যাতে গাড়ি বের না করেন, সে জন্য ৬ ডিসেম্বর মির্জা ফখরুল হুমকি দিয়েছিলেন। হুমকি দেওয়া অপরাধ।রিটের শুনানি আজ: যথাযথ আইনি প্রক্রিয়া ব্যতিরেকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে মির্জা ফখরুলের করা রিটের ওপর শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে।জামিন পাওয়ার পর একের পর এক মামলায় জড়ানো থেকে নিস্তার পেতে গত ২০ জানুয়ারি মির্জা ফখরুলের পক্ষে এ রিট করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় জানান, গতকাল রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ শুনানির দিন ধার্য করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গত ১০ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। প্রথমে তাঁকে পল্টন থানা ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২ জানুয়ারি মামলা দুটিতে জামিন পান তিনি। পরদিন তাঁকে মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর ১৫ ডিসেম্বর সূত্রাপুর থানার মামলায় জজ আদালত থেকে জামিন পান। পরদিন ১৬ জানুয়ারি পল্টন থানা ও কলাবাগান থানার দুটি মামলায় ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়।