আরেকটি মৃত্যু, অভিযোগ এবারও পুলিশের বিরুদ্ধে
পরিবহনকর্মী মজিবর রহমানের (৪২) লাশ গতকাল শুক্রবার সকালে রাজধানীর তুরাগ নদে পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর ওই পাড়ের মেলারটেক ঘাট থেকে মজিবরকে ধরে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। ওই সময় সঙ্গে ছিল মজিবরের সাত বছরের ছোট ছেলে ইকবাল হোসেন। রাতে পরিবার থানায় যোগাযোগ করলে পুলিশ জানায়, এমন কাউকে আটক করা হয়নি। স্বজনদের অভিযোগ, মিরপুরের দারুস সালাম থানার পুলিশ ও তাদের সোর্সরা মজিবরকে খুন করে নদীতে ফেলে দিয়েছে। অভিযোগ যথারীতি অস্বীকার করেছে পুলিশ।এ নিয়ে গত পাঁচ দিনে মহানগর পুলিশের হাতে তিনজনের মৃত্যুর অভিযোগ উঠল। সব ঘটনায় হত্যার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। গত ৪ মে পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধীদের ধরে গুপ্তহত্যা করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। এমন হত্যা বন্ধের জোর দাবিও জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।নিহত মজিবরের বাসা গাবতলীর বাগবাড়ীতে। তিনি তিন ছেলের বাবা। মজিবরের ছোট ভাই জাকির হোসেন জানান, মজিবর এস কে ট্রাভেলস নামে একটি বাসের কাউন্টারে চাকরি করতেন। বাগবাড়ীর স্থানীয় লোকজন জানান, এলাকায় তিনি পাংকু মজিবর হিসেবে পরিচিত। তাঁর বাবা ইব্রাহিম ইউনুস আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।সূত্র জানায়, বাস কাউন্টারে চাকরির পাশাপাশি মজিবর এলাকায় মাদক বিক্রি করতেন। তিনি একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। গতকালও এলাকাবাসী বলেছেন, নদীর ওই পাড় থেকে পুলিশ মজিবরকে ধরে নিয়ে গেছে। তাদের সঙ্গে পুলিশের সোর্স মুহিবুলকেও দেখা গেছে। জাকির অভিযোগ করেন, গত বুধবার দুপুরে দারুস সালাম থানার একজন উপপরিদর্শক তাঁর বাবার কাছে মজিবরকে না ধরার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। এক সপ্তাহ আগেও পুলিশকে সাত হাজার টাকা দিয়ে গ্রেপ্তার এড়িয়েছেন মজিবর। মজিবরকে ধরিয়ে না দিলে তাঁর সব ভাইকে ধরে নিয়ে যাওয়া হবে বলে ওই উপপরিদর্শক তাঁর বাবাকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন জাকির।মজিবরের আরেক ভাই জাহাঙ্গীর হোসেনের অভিযোগ, এ এলাকায় পুলিশের সোর্স হিসেবে কাজ করে মুহিবুল, নয়ন, কাজল ও আসলাম। গাবতলীতে যাত্রী ডাকার (কলার বয়) কাজ করে এমন কয়েকজনকে ধরিয়ে দেওয়া নিয়ে এই সোর্সদের সঙ্গে মজিবরের ঝগড়া হয়। মজিবরের ভাইদের অভিযোগ, পুলিশকে টাকা না দেওয়া এবং সোর্সদের সঙ্গে দ্বন্দ্বের কারণেই মজিবরকে খুন করা হয়েছে। পুলিশের সোর্স মুহিবুল, নয়ন, কাজলসহ দারুস সালাম থানার পুলিশের বৃহস্পতিবার রাত্রিকালীন কর্তব্যে নিয়োজিত কয়েকজন কর্মকর্তা ও সদস্য মিলে মজিবরকে খুন করেছে বলে দাবি করা হয়।মজিবরের লাশ উদ্ধারের পর তোলা ছবি সাংবাদিকদের দেখান স্বজনেরা। তাতে দেখা যায়, লাশের গলায় কালচে দাগ; পিঠে, কোমরে আঘাতের চিহ্ন। মজিবরের ভাইদের অভিযোগ, তাঁকে হাতকড়া পরিয়ে, গলায় রশি বেঁধে মারধর করা হয়। মজিবরের হাতে হাতকড়ার চিহ্ন রয়েছে।জাহাঙ্গীরের অভিযোগ, সোর্সসহ ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করতে তাঁর বাবা ইব্রাহিম গতকাল সকাল থেকেই দারুস সালাম থানায় বসে ছিলেন। কিন্তু পুলিশের বিরুদ্ধে নয়, শুধু সোর্সদের বিরুদ্ধে মামলা নিয়েছে থানা।রাতে যোগাযোগ করা হলে থানা থেকে জানানো হয়, মজিবরের বাবার অভিযোগের ভিত্তিতে মুহিবুল ও কাজলকে গ্রেপ্তার করা হয়েছে।বিকেলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাক হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, পুলিশের বিরুদ্ধে মজিবরের স্বজনদের কোনো অভিযোগ নেই। মজিবরের বাবা মহিবুল, কাজল ও নয়ন নামে তিনজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছেন। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আমরা তদন্ত করে দেখব। প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।’পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এ বিষয়ে প্রথম আলোকে বলেন, মজিবর একজন মাদক বিক্রেতা ছিলেন। মাস দেড়েক আগেই তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। তাঁর বাবাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। জানতে চাইলে মজিবরের ভাই জাহাঙ্গির বলেন, ‘সে গাঁজা খেত। ব্যবসা করত কি না জানি না।’ তাঁর পাল্টা প্রশ্ন, ‘ব্যবসা করলেই কি ধইরা নিয়া মাইরা ফালাইতে হইব?’ উপকমিশনার বলেন, খুনের অভিযোগে নিহতের বাবা তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জড়িত কি না, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।মামলায় অভিযুক্ত ব্যক্তিরা পুলিশের সোর্স কি না জানতে চাইলে উপকমিশনার বলেন, তারা পুলিশের ‘কথিত সোর্স’।নিহত মজিবরের লাশ গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে রাত নয়টা পর্যন্ত ময়নাতদন্ত হয়নি।পুলিশ কমিশনারের বক্তব্য: অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শহীদুল হক প্রথম আলোকে বলেন, মজিবর কয়েক দিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। এরপর নদীতে তাঁর লাশ পাওয়া যায়। তিনি বলেন, ‘এ ঘটনায় পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই বলেই জেনেছি।’ অভিযোগ বাড়ছে: গত বুধবার রাতে রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে মারা যান মিজানুর রহমান (৩৫)। মিজানুরের স্ত্রী তাসলিমা বেগমের অভিযোগ, ঘুষের টাকা না পেয়ে গুলশান থানার পুলিশ তাঁকে হাজতে দুই দিন আটকে রেখে পরে গুলি করে খুন করে। আর পুলিশের দাবি, ছিনতাইয়ের সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় গোলাগুলিতে আহত হয়ে পরে মারা যান মিজান।গত সোমবার রাতে রমনা থানার পুলিশের হেফাজতে বাবুল গাজী (৪০) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালকের মৃত্যু হয়। বাবুল গাজীর স্ত্রী সুভা আক্তারের অভিযোগ, ঘুষের দাবিতে বাবুলকে পিটিয়ে মারা হয়েছে। তবে রমনা থানার পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।গত ৯ মার্চ রমনা থানার হেফাজতে জাকির হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়। গাড়ি চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।