আরেকটি রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।রায়ের পর যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা ঠেকাতে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার পুলিশ প্রশাসনের বৈঠক হয়।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সে ব্যাপারে সবাইকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার রায়ের পর কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে জামায়াত-ছাত্রশিবিরের সহিংসতায় প্রাণ হারান ৭৭ জন। তাঁদের মধ্যে সাতজন পুলিশ সদস্যও রয়েছেন। তাণ্ডব ও নাশকতায় দেশের যোগাযোগব্যবস্থা, সরকারি-বেসরকারি স্থাপনা, ঘরবাড়ি, পরিবেশসহ বিভিন্ন খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার রায় হবে মানবতাবিরোধী অপরাধের মামলার চতুর্থ রায়। বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-২ গতকাল রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনাল বলেন, ‘আগামীকাল (আজ বৃহস্পতিবার) কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে।’ ট্রাইব্যুনাল বিষয়টি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের জানানোর জন্য রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফকে বলেন।চলতি বছরের ২১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে ট্রাইব্যুনাল-২ জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই ট্রাইব্যুনাল ৫ ফেব্রুয়ারি জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। কাদের মোল্লা ও সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল বিচারাধীন রয়েছে আপিল বিভাগে। ট্রাইব্যুনাল-১-এ অপেক্ষাধীন রয়েছে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলার রায়। রায় ঘোষণা উপলক্ষে কামারুজ্জামানকে কাশিমপুর কারাগার থেকে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।সতর্ক থাকবে পুলিশ: পুলিশ সূত্র জানায়, আজ রায় ঘোষণার পর সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বৈঠক করে পুলিশ প্রশাসন। বৈঠকে পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। বৈঠকের পর সারা দেশের পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজধানীর বাইরে সড়ক, মহাসড়কে বিশেষ পাহারা থাকবে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, রাজধানীতে পুলিশ সতর্ক থাকবে, যাতে কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটে।ফিরে দেখা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় ২০১০ সালের ২৯ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ অক্টোবর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১১ সালের ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ২০১২ সালের ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানের বিরুদ্ধে ২০১২ সালের ৪ জুন মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ গঠন করেন। ২ জুলাই এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষী সাক্ষ্য দেন এবং আসামিপক্ষে সাক্ষ্য দিয়েছেন পাঁচজন। উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের ২৪ মার্চ রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয় এবং শেষ হয় ৩১ মার্চ। আসামিপক্ষের যুক্তি উপস্থাপন ২ এপ্রিল শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হয়। যুক্তি উপস্থাপন শেষে ১৬ এপ্রিল মামলাটি রায়ের জন্য অপেক্ষাধীন রাখেন ট্রাইব্যুনাল।সাত অভিযোগ: কামারুজ্জামানের বিরুদ্ধে প্রথম অভিযোগ হলো, একাত্তরের ২৯ জুন তাঁর নেতৃত্বে আলবদররা শেরপুরের ঝিনাইগাতি থানার রামনগর গ্রামের বদিউজ্জামানকে অপহরণ ও নির্যাতনের পর গুলি করে হত্যা করে। দ্বিতীয় অভিযোগ অনুসারে, কামারুজ্জামান ও তাঁর সহযোগীরা শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানকে প্রায় নগ্ন করে শহরের রাস্তায় হাঁটাতে হাঁটাতে চাবুকপেটা করেন। তৃতীয় অভিযোগ, ২৫ জুলাই কামারুজ্জামানের পরামর্শে পরিকল্পিতভাবে আলবদর ও রাজাকার বাহিনী পাকিস্তানি সেনাদের নিয়ে শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামে নির্বিচারে হত্যাকাণ্ড চালায় ও নারীদের ধর্ষণ করে।চতুর্থ অভিযোগ, কামারুজ্জামানের নির্দেশে আলবদর বাহিনীর সদস্যরা গুলি করে শেরপুরের গোলাম মোস্তফাকে হত্যা ও আবুল কাসেমকে আহত করে। পঞ্চম অভিযোগ অনুসারে, মুক্তিযুদ্ধকালে কামারুজ্জামান ও সহযোগীরা শেরপুরের লিয়াকত আলী ও মুজিবুর রহমান পানুকে অপহরণ ও নির্যাতন করে। ষষ্ঠ অভিযোগ, একাত্তরের নভেম্বরে কামারুজ্জামানের নির্দেশে আলবদররা টুনু ও জাহাঙ্গীরকে আটকের পর নির্যাতন করে। টুনুকে হত্যা করা হয়। সপ্তম অভিযোগে বলা হয়েছে, কামারুজ্জামান ও আলবদরের সদস্যরা ছয়জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।