মানবতাবিরোধী অপরাধের বিচার: কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন গোলাম আযমের বিরুদ্ধে মামলার কার্যক্রম আজ শেষ হতে পারে
আরেকটি রায়ের অপেক্ষা
একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার রায় ঘোষণা করা হবে যেকোনো দিন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার এই মামলাটির রায় অপেক্ষাধীন (সিএভি) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের দেওয়া যুক্তি রাষ্ট্রপক্ষের খণ্ডন করার কথা। এরপর এ মামলারও কার্যক্রম শেষে রায়ের দিন ধার্য হতে পারে। এর আগে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে গত ২১ জানুয়ারি প্রথম রায়ে মুক্তিযুদ্ধকালের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে একই ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষ আপিল করায় তা আপিল বিভাগে বিচারাধীন। এরপর ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধেও আপিল হয়েছে।গোলাম আযমের বিরুদ্ধে মামলা ছাড়াও দুই ট্রাইব্যুনালে আরও চারটি মামলা বিচারাধীন। এই মামলাগুলো হলো জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে।কামারুজ্জামানের রায় যেকোনো দিন: বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ কামারুজ্জামানের পক্ষে দেওয়া আসামিপক্ষের যুক্তি গতকাল খণ্ডন করে রাষ্ট্রপক্ষ। যুক্তিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, এই ট্রাইব্যুনালে সাধারণ হত্যা মামলার বিচার হচ্ছে না, ৪২ বছর আগে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। রুয়ান্ডায় গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত জ্যঁ পল আকায়েসুর বিরুদ্ধে মামলার উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই মামলার বিচার হয়েছিল ১৪-১৫ বছর পর। তাতেই সাক্ষীরা ঘটনার তারিখ সুনির্দিষ্ট করে বলতে পারেননি। আর এ মামলার বিচার হচ্ছে ৪২ বছর পর। তাই এতে সাক্ষীরা সঠিক দিন বলতে পারবেন না, এটাই স্বাভাবিক। সাক্ষীদের বক্তব্যে যদি শুধু ঘটনার বিবরণ ঠিক থাকে, তাহলে সেটিই মামলার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে।তুরিন আফরোজ বলেন, অন্যান্য দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকটি মামলায় আসামির বিরুদ্ধে ‘ঊর্ধ্বতন নেতৃত্বের’ অভিযোগ আনা না হলেও সাক্ষ্যে তা প্রমাণিত হওয়ায় আসামিকে শাস্তি পেতে হয়েছে। এ মামলায় সাক্ষীদের সাক্ষ্যে কামারুজ্জামানের বিরুদ্ধে ‘ঊর্ধ্বতন নেতৃত্বের’ অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই এ অপরাধে তাঁর শাস্তি হওয়া উচিত।এরপর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম ও নূরজাহান মুক্তা সংক্ষিপ্ত আকারে যুক্তি দেন। সবশেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, আসামির বিরুদ্ধে আনা সব অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। তাই রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করছে।এরপর ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবী এহসান এ সিদ্দিককে ১০ মিনিট যুক্তি দেওয়ার সুযোগ দেন। তাঁর যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়ে মামলার রায় অপেক্ষাধীন (সিএভি-কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখেন।গত বছরের ৪ জুন এই ট্রাইব্যুনাল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ গঠন করেন। ১৫ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ ১৮ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন, আসামিপক্ষে সাক্ষ্য দেন পাঁচজন। এ বছরের ২৪ মার্চ যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। ২ এপ্রিল থেকে আসামিপক্ষ যুক্তি দেয়। গতকাল যুক্তি উপস্থাপন পর্ব শেষ হয়।কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হওয়ায় ট্রাইব্যুনাল-২-এ মুজাহিদ ও আলীমের বিরুদ্ধে মামলা দুটি বিচারাধীন রইল। বিচার-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মুজাহিদের বিরুদ্ধে মামলাটি অনেক দূর এগিয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে জেরা করছে আসামিপক্ষ। এরপর ট্রাইব্যুনালের আদেশ অনুসারে আসামিপক্ষে তিনজন সাক্ষ্য দিতে পারবেন। দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হবে। তবে আলীমের বিরুদ্ধে মামলা রয়েছে মাঝপর্যায়ে। এতে রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, আরও সমপরিমাণ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। অভিযোগ ১৭টি হওয়ায় সাক্ষীর সংখ্যাও বেশি।ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন থাকবে দুটি মামলা: রাষ্ট্রপক্ষ জানিয়েছে, গোলাম আযমের বিরুদ্ধে মামলায় চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষে আজ রায়ের দিন ধার্য হতে পারে। জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘এই মামলায় বুধবার আমাদের (রাষ্ট্রপক্ষ) যুক্তি খণ্ডনের দিন ধার্য আছে। আমরা আশা করছি, এক দিনেই যুক্তি খণ্ডন শেষ করতে পারব।’আজ গোলাম আযমের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হলে ট্রাইব্যুনাল-১-এ নিজামী ও সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা দুটি বিচারাধীন থাকবে। এর মধ্যে এগিয়ে আছে সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি। তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এ মামলায় অভিযোগ ২৩টি, এ জন্য আরও ১০ জনের সাক্ষ্য নেওয়া হতে পারে। তবে নিজামীর বিরুদ্ধে মামলায় মাত্র রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। নিজামীর বিরুদ্ধে অভিযোগ ১৬টি।এই ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হয়েছে আরেকটি মামলার। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, এ নিয়ে আদেশের জন্য ২৩ এপ্রিল দিন ধার্য আছে।