‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কাছে আরেকটিবার নৌকায় ভোট চেয়েছেন।গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ভোটারদের কাছে এই আরজি জানান। এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি এবং গত শনিবার নারায়ণগঞ্জের আড়াইহাজারের জনসভায়ও নৌকায় ভোট প্রার্থনা করেছিলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের গতি অব্যাহত রাখার জন্য যে কাজ শুরু করেছি, তা শেষ করার জন্য আরেকটিবার নৌকায় ভোট চাই।’ উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘গত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে বঞ্চিত হননি। আগামীবারও হবেন না। যে কাজগুলোতে হাত দিয়েছি, তার বাস্তবায়ন করতে চাই। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই।’ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের এই জনসভায় শুরু থেকেই নির্বাচনী আমেজ ছিল। ঢাকার সব সাংসদ নেতা-কর্মীদের নিয়ে মিছিলসহ জনসভায় যোগ দেন। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে আসা মিছিলে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় ভোট চাওয়ার স্লোগান শোনা গেছে। সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ব্যানার হাতে জনসভায় যোগ দেন। দেশের চলমান রাজনীতিতে যাঁর যাঁর অবস্থানে অনড় দুই নেত্রী। নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, সংবিধান থেকে একচুলও নড়া হবে না। এই সোহরাওয়ার্দী উদ্যানেই ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া তার জবাবে বলেছিলেন, ‘আন্দোলনের বাতাসে চুল তো উড়ে যাবেই, অস্তিত্বও ঠিক থাকবে না।’ গতকাল সেই উদ্যানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আবার বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের জবাব দেন। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী আমাকে কটাক্ষ করে বলেছেন, এমন বাতাস দেবেন, আমার নাকি চুল উড়ে যাবে। আমি তো ঘোমটা দিয়ে থাকি। আপনাদের (সমবেত জনতা) দেখাতে পারছি না। আমার মাথায় পরচুলা নেই। যা আছে, সবই আসল চুল, নকল নেই। যাঁর মাথা থেকে পা পর্যন্ত নকল, উড়ে যাওয়ার ভয় তাঁরই আছে। আমার নেই।’ বিরোধীদলীয় নেত্রীর বাড়ি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আমরা তাঁকে উৎখাত করিনি। মামলায় হেরে তাঁকে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল। তাঁর কী বিলাসিতা, জীবনযাপন, তা দেশবাসী দেখেছে। ফ্রিজে কী ছিল, তা আমি বলতে চাই না। জনগণ দেখেছে।’ তিনি বলেন, ‘এরশাদকে স্বামী হত্যাকারী বলার পরও তাঁর কাছ থেকে তিনি বাড়ি নিয়েছেন। বাড়ি ছাড়ার পর যে তাঁর কী কান্না, তা স্বামী মারা যাওয়ার পরও কেউ দেখেনি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমিও বাবা-মা হারিয়েছি। চাওয়া-পাওয়ার কিছু নেই। শোক-ব্যথা নিয়ে মানুষের জন্য রাজনীতি করছি। বাবা-মা জীবন দিয়ে গেছেন দেশের জন্য।’ তিনি বলেন, ‘১৫ আগস্ট কারও সত্যিকার জন্মদিন হলেও তাঁরা পালন করেন না। বিএনপির নেত্রী হঠাৎ করে ’৯২ সাল থেকে সাজুগুজু করে জন্মদিন পালন শুরু করেন। কেন? আমাকে আরও কষ্ট দেওয়ার জন্য? জিয়া আমাকে দেশে আসতে বাধা দিয়েছেন। ৩২ নম্বরের বাড়িতে আমাকে জিয়া ঢুকতে দেননি। এমনকি মিলাদ পড়তেও দেননি। আমি রাস্তায় বসে মিলাদ পড়েছি। এটা আমি কী করে ভুলি। কাজেই তাঁর স্ত্রী ১৫ আগস্ট জন্মদিন পালন করবেন, এটাই তো স্বাভাবিক।’ প্রধানমন্ত্রী বলেন, ‘হত্যা, ক্যু, হত্যাকারীদের মদদ দেওয়া—এটাই তাঁদের কাজ। তাঁরা এটাই করেছেন।’ তিনি বলেন, সারা দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চান। কিন্তু বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের বাঁচাতে উঠেপড়ে লেগেছেন। এ বিচারের রায় শুরু হয়েছে। বিচার শেষও হবে। তিনি বলেন, ‘আমি আলোচনার কথা বললেও বিরোধীদলীয় নেত্রী ৪ মে আমাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। আমি নাকি পালাবারও পথ পাব না। কোথায় গেল তাঁর আলটিমেটাম?’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ও হেফাজতের ক্যাডাররা বায়তুল মোকাররম মসজিদে আগুন দিয়েছে, পবিত্র কোরআন পুড়িয়েছে। কাবা শরিফের গিলাফ পরিবর্তনের ছবি নিয়ে তারা মিথ্যাচার করেছে। শাপলা চত্বরে নাকি আড়াই হাজার লোক মারা গেছে। তারপর বলল, ৬১ জন মারা গেছে। এখন দেখা গেল, সেটাও ভুয়া।’ ঢাকায় ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে। বিএনপি কেবল জনগণেরটা নেয়ই না, পাচারও করে। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে বিরোধীদলীয় নেত্রীর ছেলেরা টাকা পাচার করেছে। তিনি দুই দফা সিঙ্গাপুর গিয়েছিলেন, রক্ষা করতে পারেননি। সিঙ্গাপুর সরকার বলে দিয়েছে, এটা জনগণের সম্পদ। আমরা জনগণের সম্পদ ফেরত এনেছি।’আমির হোসেন আমু বিএনপির উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও উপনির্বাচনে অংশ নিলেন। তা হলে কেন আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে ভয় পান। শেখ হাসিনার সরকার ভোট কারচুপির সরকার নয়। সংবিধানের আলোকেই আগামী নির্বাচন হবে।’ তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলার মাটি থাকলে, বাংলার মানুষ থাকলে আমাদের নেত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’ তিনি বলেন, ‘ড. ইউনূস দম্ভ করে বলেছেন, উনি কারও কাছে যান না, সবাই তাঁর কাছে আসে। আওয়ামী লীগও চাইলে আসতে পারে। ড. ইউনুস, আপনি কি নিরপেক্ষ? আপনিও রাজনীতিবিদ হয়ে গেছেন। আপনার কাছে আওয়ামী লীগ যাবে না।’ এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন সৈয়দা সাজেদা চৌধুরী, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী, এ কে এম রহমত উল্লাহ, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, ফজলে নূর তাপস, কামাল আহমেদ মজুমদার, আসলামুল হক আসলাম, আসাদুজ্জামান খান কামাল, হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।