আর্চবিশপের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বড়দিন। মহামানব মুক্তিদাতা প্রভু যিশুর জন্মদিন। বিশ্বজুড়ে মহা আড়ম্বরে উদ্যাপিত হচ্ছে শান্তিরাজ যিশুর জন্মোৎসব। আজকের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে জানাই আশিষভরা খ্রিষ্টীয় শুভেচ্ছা।ঈশ্বরের হয়ে যাঁরা বক্তব্য দেন, সেই প্রবক্তারা যুগ যুগ ধরে মানুষের আর্তনাদের পরিপ্রেক্ষিতে ঈশ্বরের মুক্তির বার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রবক্তাদের বক্তব্যের মূল বাণী ছিল: পরমেশ্বর তোমাদের আর্তনাদ শুনেছেন। তিনি তোমাদের জন্য একজনকে পাঠাবেন। তিনি হবেন ‘মসিহ’, অর্থাৎ মুক্তিদাতা। মানবরূপে যখন তাঁর জন্ম হবে, তখন তাঁর নাম হবে ‘যিশু’, অর্থাৎ উদ্ধারকর্তা। তিনি পরমেশ্বরের প্রিয়পুত্র, তিনি তাঁর প্রীতিভাজন।সত্য হলো প্রবক্তাদের বক্তব্য। যিশু এলেন এই ধরায়। ধরা দিলেন এই ধরণিতে, মুক্তি দিতে সব মানবকে। মানবদেহ ধারণ করে তিনি সব বন্ধন, পরাধীনতা ও দাসত্বের মধ্যে প্রবেশ করলেন; মুক্তি-প্রত্যাশী সব মানুষের সঙ্গে তিনি একাত্ম হলেন। এটাই বড়দিন! মুক্তিদাতার জন্মদিন! এটাই শুভসংবাদ! যে শুভসংবাদ আজ সব মানুষের কাছে পরিবেশিত হচ্ছে।মুক্তিকামী মানুষ আজও নানা বন্ধনে আবদ্ধ, নানা দাসত্বে জর্জরিত এবং আজও অগণিত মানুষ অন্যায় ও অবিচার, হিংসা ও দ্বেষ, নির্যাতন ও নিপীড়ন, দারিদ্র্য ও অনুন্নয়ন, সন্ত্রাস ও ধর্মান্ধতার বন্দিদশায় শৃঙ্খলিত। পাবে তারা মুক্তি? তাদের কাছে মুক্তিদাতা হয়ে কেউ আসবে? মুক্তির বাণী তাদের কাছে কেউ পৌঁছে দেবে? আমাদের বিশ্বাস: তারা মুক্তি পাবে, তারা মুক্তির বার্তা শুনবে, মুক্তির বার্তাবাহক হয়ে কেউ না কেউ আসবে। এভাবেই বড়দিন বাস্তব, বড়দিন সত্য হয়ে আসে আমাদের জীবনে।যাবপাত্রে শায়িত শিশু যিশু দুই বাহু বাড়িয়ে আমাদের আহ্বান করেন, যেন আমরা পরমেশ্বরের ভালোবাসা ও মুক্তির পরিকল্পনা গ্রহণ করি এবং তাঁর চরণে প্রণাম জানিয়ে আত্মসমর্পণ করি এবং তাঁকে বিশ্বাস করি যে তিনি মুক্তিদাতা। এই বিশ্বাস মুক্তি দেবে; দয়া, ভালোবাসা ও সেবায় সেই বিশ্বাস প্রকাশ পাবে।বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য এবং দেশবাসী সবার জন্য আমার এই কামনা: প্রতিটি পরিবার ঈশ্বরের সান্নিধ্য লাভ করুক; মানুষের অন্তর ঐশ-বিশ্বাসে বলীয়ান হোক, সমাজে ও দেশে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা হোক, জীবনে সুখ ও আনন্দ বিরাজ করুক এবং প্রতিজন ব্যক্তি মুক্তিদাতার আগমনে মুক্তির আস্বাদন লাভ করুক। সবাইকে শুভ বড়দিন।ঢাকা মহাধর্মপ্রদেশডিসেম্বর, ২০১২