আর্চার ব্লাড দেখেছিলেন বাংলাদেশের সূর্যোদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড এক সাক্ষাৎকারে বলেছেন, ‘১৯৭০ সালের নির্বাচনের আগে আমি শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, “জাতীয় পরিষদের ৩০০ আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য নির্দিষ্ট ১৬৯ আসনের মধ্যে দুটি ছাড়া সব কটিতেই তিনি জয়যুক্ত হবেন।” আমি এই তথ্য ওয়াশিংটনে পাঠিয়েছিলাম, কিন্তু এতটা বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম, সেটা হয়তো অতিরঞ্জন। কিন্তু সেই নির্বাচনে প্রকৃতপক্ষে সেটাই ঘটেছিল। আওয়ামী লীগ ১৬৯ আসনের মধ্যে শুধু দুটি বাদে আর সব কটিতেই জিতে যায়।’উল্লেখ্য, আর্চার কে ব্লাড যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন ভিন্ন মতাবলম্বী কূটনীতিক হিসেবে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। কারণ, তিনি নিক্সন-কিসিঞ্জার প্রশাসনের বাংলাদেশ-নীতি সমর্থন করেননি। ২৮ মার্চ ১৯৭১, ২৫ ও ২৬ মার্চের ভয়াল বিবরণ-সংবলিত ঢাকা থেকে পাঠানো তারবার্তাটি ব্লাড টেলিগ্রাম হিসেবে পরিচিত। তিনি লিখেছিলেন, ‘পাকিস্তানি সামরিক বাহিনীর সন্ত্রাসের রাজত্ব প্রত্যক্ষ করে আমরা ভয়ানকভাবে আতঙ্কিত হয়ে পড়েছি—আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আমরা সাক্ষ্য-প্রমাণ পেয়েছি, যা থেকে দেখা যাচ্ছে, সামরিক কর্তৃপক্ষের কাছে আওয়ামী লীগের সমর্থকদের একটি তালিকা রয়েছে। এদের তারা পরিকল্পিতভাবে নির্মূল করবে। পাকিস্তানি সামরিক বাহিনীর সমর্থনে অবাঙালি মুসলমানরা পরিকল্পিতভাবে দরিদ্র বাঙালি ও হিন্দুদের বাসাবাড়িতে হামলা চালাচ্ছে। বহু বাঙালি মার্কিনের বাসায় আশ্রয় প্রার্থনা করেছে। এবং তাদের বেশির ভাগই আশ্রয় পেয়েছেন। আজ হোক, কাল হোক, পাকিস্তানি সামরিক বাহিনীর পরিচালিত নৃশংসতার পূর্ণ বৃত্তান্ত আলোর মুখ দেখবে। তাই বোধগম্য কারণেই পাকিস্তান সরকার অব্যাহতভাবে সব ঠিক আছে মর্মে যে ভুয়া ধারণা যুক্তরাষ্ট্র সরকারকে দিচ্ছে, সে সম্পর্কে আমি প্রশ্ন তুলছি।’আর্চার ব্লাডের এই অবস্থানের সঙ্গে সেদিন ঢাকায় কর্মরত মার্কিন প্রশাসনের ২০ জন কর্মকর্তা একাত্মতা ঘোষণা করেছিলেন। তাঁদের স্বাক্ষরসংবলিত বিবৃতি পাঠানো হয়েছিল ওয়াশিংটনে। এ ঘটনার জন্য ব্লাডের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নিয়েছিলেন হেনরি কিসিঞ্জার।বাংলাদেশের ভাবপ্রবণ জনগণের প্রতি অভিনন্দন: আর্চার কেন্ট ব্লাডের স্ত্রী মিলওয়ার্ড ব্লাডের বয়স এখন ৮৬। স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে তিনি অভিবাদন জানিয়েছেন। তাঁর অনুভূতি জানতে চাওয়া হলে গত ২৩ মার্চ তিনি লিখেছেন, ‘আমার চিন্তারাজ্যে সতত বাংলাদেশের বীর জনগণ ভিড় করে। আমার স্বামী, আমি এবং আমাদের দুই সন্তান নিয়ে চারজনের প্রাণবন্ত পরিবার। আপনাদের দেশের অভ্যুদয় পর্বের দুটো স্বতন্ত্র পর্যায়ের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা সম্মানিত বোধ করেছি।‘আর্চার কে ব্লাড ইতিহাস ও আন্তর্জাতিক বিষয়ের ছাত্র ছিলেন। তিনি সম্পূর্ণ নিশ্চিন্ত ছিলেন, বাংলাদেশ চূড়ান্তভাবে স্বাধীনতা লাভ করবে। কারণ, তিনি দেখেছিলেন, এই ভূখণ্ড পশ্চিম পাকিস্তান থেকে সবকিছুতেই ভিন্ন। এবং তাঁর ধারণা সত্যি হয়েছিল এবং আমরা তা দেখে যেতে পেরেছি।‘এখন পেছনে তাকিয়ে দেখি, আমার স্বামী স্বাধীনতার যে উজ্জ্বল চকচকে বাস্তবতার কথা বলতেন, তার পেছনেও বেদনার ইতিহাস লুকানো ছিল। আজ আমি দেখি, ঢাকা হয়ে উঠেছে একটি গতিময় শহর। বহু বিচিত্র পথে তার বিকাশ ঘটছে। আমার অভিনন্দন বাংলাদেশের স্থিরপ্রতিজ্ঞ এবং ভাবপ্রবণ জনগণের (পোয়েটিক পিপল) প্রতি। প্রার্থনা করি, যাতে তারা অব্যাহতভাবে এগিয়ে যেতে পারে।’আর্চার কে ব্লাড একজন অভিজ্ঞ কূটনীতিক ছিলেন। প্রকৃতি ও অন্তর্গতভাবে তিনি ছিলেন ইতিহাসবিদ, একজন মানবতাবাদী এবং একজন স্বপ্নচারী। যখন স্বাধীনতার জন্য সংগ্রাম জয়যুক্ত হলো, তখন তিনি দেখেছিলেন বাংলাদেশের সূর্যোদয়।’উল্লেখ্য, আর্চার ব্লাডের ছেলে পিটার ব্লাড বর্তমানে আমেরিকান লাইব্রেরি অব কংগ্রেসের সিনিয়র ইনফরমেশন স্পেশালিস্ট।বাংলাদেশের বন্ধুরা: বাংলাদেশের ৪০ বছরের স্বাধীনতা বার্ষিকীতে আর্চার ব্লাডের পক্ষে বিবৃতিদানকারীদের বিষয়ে জানতে চাইলে পিটার ব্লাড কয়েকজনের কথা উল্লেখ করেন। এঁরা ব্লাডের টেলিগ্রামের সঙ্গে একাত্ম ছিলেন। তিনি লিখেছেন, ‘ক্রেইগ ব্যাক্সটার আমাদের মধ্যে নেই। আমার সম্পাদিত দুটি বইয়ে তাঁর অবদান ছিল। একটি পাকিস্তান ও অন্যটি আফগানিস্তান নিয়ে।’ আরও তিনজন নানা ক্ষেত্রে কর্মব্যস্ত। ডব্লিউ স্কট বুচার। তিনি ১৯৭০-৭১ সালে ঢাকায় পলিটিক্যাল অফিসার ছিলেন । অন্যজন হাওয়ার্ড শেফার্ড। তিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। তিনিও ব্লাড টেলিগ্রামের অন্যতম স্বাক্ষরদাতা। তিনি এখন ওয়াশিংটন ডিসিতে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ডিপ্লোমেসিতে রয়েছেন। আওয়ামী লীগ মধ্য বাম দল: আর্চার কে ব্লাডের ইউপিএল প্রকাশিত গ্রন্থ দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ বইয়ের ভূমিকায় আবুল মাল আবদুল মুহিত লিখেছেন, ‘মার্কিন পণ্ডিত কিংবা রাজনৈতিক পর্যবেক্ষকেরা বাংলাদেশের অভ্যুদয় নিয়ে খুব বেশি বই লেখেননি। কিন্তু ব্লাড হলেন এমন এক পণ্ডিত ও কূটনীতিক, যিনি বাংলাদেশের সংগ্রামকে আবেগের সঙ্গে গ্রহণ করেছিলেন।’ ২০০৫ সালে আর্চার ব্লাডের নামে ঢাকার আমেরিকান সেন্টারে একটি স্মারক গ্রন্থাগার উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দিতে ব্লাড পরিবার ঢাকায় এসেছিলেন। এই প্রতিবেদকের কাছে পিটার ব্লাড তখনকার স্মৃতিচারণা করে ই-মেইলে বলেন, ‘প্রথম আলোর কার্যালয়ে যাওয়ার কথা আমার মনে পড়ে।’ অর্থমন্ত্রী এ এম এ মুহিতের সঙ্গে তাঁর বাবার স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘জনাব মুহিত একজন মহান পণ্ডিত। তিনি আমার বাবার বইয়ের প্রকাশনার রূপকার ছিলেন।’সত্তরের নির্বাচন, বাংলাদেশ অভ্যুদয়সহ নানা বিষয়ে আর্চার ব্লাডের ওই সাক্ষাৎকার নেওয়া হয় ১৯৮৯ সালের ২৭ জুন। পররাষ্ট্রবিষয়ক কূটনৈতিক অধ্যয়ন ও প্রশিক্ষণ সমিতির কথ্য ইতিহাস প্রকল্পের আওতায় ওই সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন হেনরি প্রেখট। তিনি ব্লাডকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি আওয়ামী লীগকে কেমন দল হিসেবে দেখেছিলেন?’ ব্লাড বলেছেন, ‘আওয়ামী লীগ জাতীয়তাবাদী দল। তারা পূর্ব পাকিস্তানের জন্য স্বায়ত্তশাসন ও ভারতের সঙ্গে সুসম্পর্ক চেয়েছিল। বামপন্থী না ডানপন্থী, সেই হিসেবে বলতে গেলে আমাকে বলতে হবে, তারা ছিল সেন্টার লেফট বা মধ্য বাম।’হিলালির প্রশ্ন, তুমি কি মুসলমান: হেনরি প্রেখট প্রশ্ন রেখেছিলেন, আওয়ামী লীগ কি তখন ঐক্যবদ্ধ ছিল? আর্চার ব্লাড বলেছেন, ‘সেই সময়ে তারা তা-ই ছিল। তারা খুবই ভালো সংগঠিত দল ছিল। প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছিল। আমি যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আগ শাহী হিলালির (পরে পররাষ্ট্রমন্ত্রী) কথা স্মরণ করতে পারি। তিনি সত্তরের ঘূর্ণিঝড়-পরবর্তী পুনর্বাসন কর্মসূচি শেষ হওয়ার পর ঢাকায় এসেছিলেন। এবং এক বৈঠকে আমি তাঁর সঙ্গে ছিলাম। সেখানে অন্য কর্মকর্তারাও ছিলেন। তিনি জানতে চেয়েছিলেন সত্তরের নির্বাচনের ফলাফল কেমন হতে পারে। আমরা বললাম, আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হবে। তিনি খুবই ক্রুদ্ধ হলেন। আমার মনে পড়ে, তিনি আমাকে বলেছিলেন, “তুমি কি মুসলমান?” আমি বলেছি, না। এবং তিনি বললেন, “তুমি কি জানো—বাঙালি গ্রামবাসীর মনে কী ঘটছে।” আমি বললাম, না। এবং হিলালি বললেন, “আচ্ছা, আমি বলতে পারি। তারা তাদেরই ভোট দেবে, মোল্লারা যাদের দিতে বলবে। এবং তারা আওয়ামী লীগকে ভোট দিতে যাবে না। সুতরাং তোমার ধারণা মারাত্মকভাবে ভ্রান্ত। এই বাঙালিরা তোমার মাথা খেয়েছে।” প্রেখট এরপর প্রশ্ন করেছেন, “আপনার অন্য সহকর্মীরা সবাই কি একই ধারণা পোষণ করত? সিআইএর কী ধারণা ছিল?” ব্লাড বলেন, আমাদের একই ধারণা ছিল। আমরা আমাদের প্রতিবেদনে আওয়ামী লীগ যে বিরাট সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেটাই উল্লেখ করেছিলাম। শুধু পরিসংখ্যানগত একটু ভিন্নতা ছিল। কেউ বলেছি ৭৫ শতাংশ, কেউ বলেছি ৯৫ শতাংশ।’আমি পাকিস্তানের ভাঙন দেখেছি: আর্চার ব্লাডকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াহিয়া-মুজিবের আলোচনার মাঝপথে কেন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়েছিল? ভুট্টো এর দ্বারা কী অর্জন করতে চেয়েছিলেন? বেশি সময় পেলে কী অর্জন করা যেত? আর্চার ব্লাড বলেছেন, ‘আমি মনে করি, মুজিবকে তিনি ছয় দফা থেকে সরাতে চেয়েছিলেন। মুজিব যাতে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে না পারেন, সেটাই বাধাদানের চেষ্টা হয়েছিল। আমরা অধিবেশন স্থগিতের কথা শুনে আদমজী কোর্টের ছাদে উঠেছিলাম। তখন সেখানেই ছিল কনসুলেট জেনারেলের দপ্তর। দেখলাম, বাঙালিরা রেগে আগুন হয়ে আছে। অথচ সেদিনই পাকিস্তানের মার্কিন দূতাবাস ওয়াশিংটনে একটি বার্তা পাঠায়। আর তাতে লেখা হয়, উত্তেজনা প্রশমন করতে ইয়াহিয়া একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত চাল চেলেছেন। আমি এর ঠিক উল্টো অবস্থান নিলাম। সাফ জানিয়ে দিলাম, আমরা পরিস্থিতি পুরোপুরি ভিন্নভাবে দেখছি। আমি সেই ছাদে দাঁড়িয়ে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেখেছি। আর আমি বলেছি, যেটা আমার অনুভূতিতে এসেছিল, সেটা হলো আমি পাকিস্তানের ভাঙনের সূচনা দেখেছি। আর ওয়াশিংটন আমাকে কঠোর তিরস্কার করেছে। তারা বলেছে, “তুমি থামো, আর অতিরঞ্জিত করো না।” কিন্তু সেটা ছিল শুরু।আর্চার ব্লাড তাঁর সাক্ষাৎকারে আরও বলেন, আমাদের দূতাবাস পূর্ব পাকিস্তানের বাঙালিদের ক্ষোভ ও ক্রোধ অনুধাবন করতে পারেনি। একদিন বিস্ফোরণ ঘটল। আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান সরকারের দায়িত্ব কাঁধে তুলে নিল এবং তারা সরকারের মতোই দেশ চালাতে শুরু করল। সেনাবাহিনী তখন ব্যারাকে একধরনের আটকা পড়ল। আমি পড়েছিলাম সমস্যায়। কারণ, আমি বুঝতে পারছিলাম না, ঢাকার মার্কিন নাগরিকদের সরিয়ে নেব কি না।’ প্রেখট প্রশ্ন করেন, ‘আপনি কি মার্চের কথা বলছেন?’ ব্লাড বলেছেন, ‘মার্চের কথাই বলছি। ক্র্যাক ডাউন হয়েছিল ২৫ মার্চের রাতে। সেই রাতের কথা আমি স্পষ্ট স্মরণ করতে পারি। আমরা কতিপয় বাঙালি এবং আমাদের কনসাল অফিসের কিছু সদস্যকে আমন্ত্রণ জানিয়েছিলাম নৈশভোজে। আমরা হলিউডের একটি ফিল্ম দেখছিলাম। ছবিটির নাম ক্যাস টিম্বারলেন (লানা টার্নার ও স্পেন্সার ট্রেসি অভিনীত। ১৯৪৭ সালের ছবি)। ছবিটি তখন শেষ হয়ে এসেছে। সিআইএর সহকর্মীর কাছ থেকে আমি একটি কল পেলাম। তাঁকে অফিসে যেতে হয়েছিল। পথে দেখেন তিনি ব্যারিকেড। বাঙালিদের অনেকে গাছ কেটে রাস্তায় ফেলে রেখেছে। সেনাবাহিনী শহরে নামার প্রস্তুতি নিচ্ছে।’ প্রেখট প্রশ্ন রাখেন, ‘ঠিক কী কারণে ২৫ মার্চের ক্র্যাক ডাউন হলো। কী কারণে তারা উসকানি অনুভব করলেন।’ ব্লাড বলেছেন, ‘যা ঘটেছিল, তা হলো মুজিবের সঙ্গে আলোচনার জন্য ইয়াহিয়া ও ভুট্টো ঢাকায় এলেন। সেই সময়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় আমাদের কোনো যোগাযোগ ছিল না।’প্রেখট: কেন ছিল না?ব্লাড: আমরা যাদের চিনতাম, যেমন-গভর্নর এবং জিওসি তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। পরে আমরা জেনেছি, তারা সামরিক অভিযানের বিরোধিতা করেছিলেন। আর সে কারণে তাদের প্রত্যাহার করা হয়। আওয়ামী লীগের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে আমরা ধারণা পেয়েছিলাম, সেটা ছিল একটা রোলার কোস্টারের মতো। এর মানে হলো, ওই সময়ে আওয়ামী লীগকে দেখেছি, এই আশাবাদী আবার হতাশায় ডুবছে। আবার আশায় ভর করছে। কিন্তু ২৫ মার্চের অপরাহ্নে ইয়াহিয়া আলোচনা ভেঙে দিলেন। ইয়াহিয়া-ভুট্টো ফিরে গেলেন। রাত নামল। অমানিশার রাত। সেনাবাহিনী শুরু করল তার নিষ্ঠুর নিধনযজ্ঞ।তাঁরা ভাবতেন, বাঙালিরা কাপুরুষ প্রেখট: আগেভাগে কি যথেষ্ট সহিংসতা ঘটেছিল?ব্লাড: না, যদিও পরে তেমনটা দাবি করা হয়েছিল। বাঙালিরা পাকিস্তানি পতাকা পুড়িয়েছিল এবং তারা সেটা দেখেছিল। কতিপয় হাট-বাজারের মানুষ পাকিস্তানি আর্মির কাছে জিনিসপত্র বিক্রি করতে অস্বীকার করেছিল। কিন্তু সহিংসতা হয়েছে সামান্যই। একটি ঘটনায় এক মার্কিন কর্মকর্তা কতিপয় বাঙালি দ্বারা আক্রান্ত হয়েছিলেন। ভদ্রমহিলা আমাকে জানালেন। আমি আওয়ামী লীগারদের টেলিফোনে জানালাম। তারা বলল, ‘আমরা এটা দেখছি। তোমাদের আর কোনো অসুবিধা হবে না।’ সত্যি তা-ই ঘটেছিল। আমাদের কোনো সমস্যা হয়নি। কারণ, তারাই তখন কার্যত সরকার চালাচ্ছে। আমরা ৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখেছি।প্রেখট: তখন পশ্চিম পাকিস্তানে আমাদের দূতাবাস নিশ্চয়ই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে। তারা কি আমাদের কোনো দিকে পরিচালিত করার চেষ্টা করেছিল? আমি বলতে চাচ্ছি, এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অবস্থান কী ছিল?ব্লাড: কোনো অবস্থান ছিল বলে আমি জানতাম না কিংবা কোনো ধরনের প্রভাব খাটানোর চেষ্টা হয়েছিল কি না—প্রেখট: সেটি ছিল একটি অভ্যন্তরীণ বিষয় এবং আমরা ছিলাম না—ব্লাড: হ্যাঁ।প্রেখট: পূর্ব পাকিস্তানে আপনার অবস্থা কী ছিল?ব্লাড: না। আমি চেষ্টা করিনি। আমি শুধু জানার চেষ্টা করেছি, কী ঘটছে।প্রেখট: আপনি কি মুজিবের সঙ্গে কথা বলেছিলেন?ব্লাড: না। মুজিবের সঙ্গে নয়। কিন্তু তাঁর ঘনিষ্ঠ লোকদের সঙ্গে বলেছি। এবং আমি মনে করি, আমরা আমাদের এই আশাবাদ স্পষ্ট করেছিলাম, যুক্তরাষ্ট্র এই সমস্যার একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান চায়। এবং আমরা ছিলাম—প্রেখট: কিন্তু কোনো নির্দিষ্ট সুপারিশ রাখার ইচ্ছা ছিল না?ব্লাড: না, না।প্রেখট: আপনি যে আলাপ-আলোচনা করতেন, তাতে আপনার অনুভূতি কী ছিল? আপনি কি বুঝতে পেরেছিলেন, কিছু ঘটতে যাচ্ছে?ব্লাড: আমি ভাবিনি, পাকিস্তানি সামরিক বাহিনী ক্র্যাক ডাউন চালাবে। তবে আমরা এটা অবশ্যই জানতাম, পূর্ব পাকিস্তানের গ্যারিসনে তারা লোকবল বৃদ্ধি করছে। বিমানবন্দরে যখন যেতাম তখন দেখতাম, সাদা পোশাকে প্লেনে তরুণদের ভিড়। সবাই প্রায় একই বয়সী। আমরা জানতাম তারা সৈনিক। তবে এটা ঠিকই প্রতীয়মান হতো, কোনো একটি সামরিক অভিযানের অর্থই হবে পাকিস্তানের দ্বিখণ্ডিত হওয়া। আর সেটাই ঘটেছিল। আমি মনে করি, বহুসংখ্যক পাকিস্তানি সেনাসদস্য প্রকৃতই বিশ্বাস করতেন, তাঁরা বাঙালিদের ঠ্যাঙাতে পারবেন। তাঁরা ভাবতেন, বাঙালিরা কাপুরুষ। ওরা যুদ্ধবিদ্যার কিছুই জানে না। হামলা চালালে দাঁড়াতেই পারবে না। চলবে