আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ
ময়মনসিংহের নান্দাইলে কানুরামপুর মাজার বাসস্ট্যান্ড এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জন্য ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত আটটা) যানবাহন চলাচল বন্ধ ছিল।নান্দাইলের ব্যবসায়ী আসাদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মাজার বাসস্ট্যান্ড এলাকার আর্জেন্টিনা সমর্থক খুররমের (১৮) পরনের কাপড় খুলে ফেলেন কানুরামপুর এলাকার ব্রাজিল সমর্থক রিপন মিয়া (২০)। এ নিয়ে রিপন ও খুররম পক্ষের মধ্যে কয়েক দিন ধরে তর্ক-বিতর্ক চলছিল।সেই বিতর্কের জের ধরে আজ বিকেল সাড়ে পাঁচটায় আবারও কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ইট-পাথর নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হলে ১০ জন আহত হন। পুলিশ এসে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুই পক্ষ রাস্তার দুই পাশে এখনো অবস্থান করায় এলাকায় উত্তেজনা রয়েছে।আহত ব্যক্তিদের নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।নান্দাইল থানার দ্বিতীয় কর্মকর্তা জাকির হোসেন প্রথম আলোকে জানান, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকের মধ্যে কথাকাটাকাটির জের ধরে আজ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। লাঠিপেটা করে দুই পক্ষকে আলাদা করে দেওয়া হয়েছে। এখন মাজার বাসস্ট্যান্ড এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত। কিছুক্ষণের মধ্যে মহাসড়কে যান চালাচল শুরু করা সম্ভব হবে।