আর্জেন্টিনা ১-০ গোলে জার্মানিকে হারাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০-এর বিশ্বকাপের ফাইনালে মেক্সিকান রেফারি কোডেশাল মেন্ডেজের দেওয়া বিতর্কিত পেনাল্টি গোলে জার্মানির কাছে পরাজয়ের পর আর্জেন্টিনা জার্মানির সঙ্গে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখল। গতকাল বুধবার রাতে মিউনিখে ফ্রেন্ডলি ম্যাচে তারা জার্মানিকে হারিয়েছে ১-০ গোলে। খেলার ৪৪ মিনিটের সময় গঞ্জালো হিগুইয়ানের দেওয়া একমাত্র গোলে জোয়াকিম লোর জার্মানির বিপক্ষে জয় তুলে নেয় দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা।যদিও কাগজে-কলমে আর্জেন্টিনা ১৯৯০-এর পর জার্মানির কাছে হারেনি, কিন্তু ২০০৬-এর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে ‘পরাজয়’ ভেতরে ভেতরে জ্বালিয়ে মারছিল দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ফিফার নিয়মানুসারে টাইব্রেকারে গড়ানো ম্যাচকে ড্র হিসেবেই ধরা হয়ে থাকে। কিন্তু ২০০৬-এর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে যাওয়া আর্জেন্টিনার কাছে ছিল পরাজয়ের চেয়েও বেশি কিছু। কারণ, ওই দিনের দুর্ভাগ্যই আর্জেন্টিনাকে বঞ্চিত করেছে ১৯৮৬-এর পর সবচেয়ে সম্ভাবনাময় দল নিয়ে বিশ্ব বিজয়ের পথে হাঁটতে। সেই হিসেবে গত রাতের মিউনিখে অনুষ্ঠিত ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু একেবারেই বন্ধুত্বপূর্ণ ছিল না। কড়া ট্যাকলে বারবার একে অন্যকে আঘাত করেছেন আর্জেন্টিনা ও জার্মানির খেলোয়াড়েরা। খেলার প্রথমার্ধে দুই দলই সমান তালে খেললেও দ্বিতীয়ার্ধে জার্মানি খেলার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আর্জেন্টিনা তাদের স্বভাবসুলভ ছোট ছোট পাসের গতিময় ফুটবলে পর্যুদস্ত করে ফেলে জার্মানিকে। আর্জেন্টিনা গোল পায়, খেলার প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে। মাঠের বাঁপ্রান্ত থেকে অ্যাঞ্জেল-ডি মারিয়া বল জার্মানির রক্ষণমুখে ফেললে, সেখানে জটলার সৃষ্টি হয়। গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক রেনে অ্যাডলার। সেখানে তখন জার্মান রক্ষণ ভাগের খেলোয়াড়ের চেয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডদেরই প্রাধান্য। হিগুইয়ান বুদ্ধিমত্তার সঙ্গে জটলার মধ্য থেকে সেই সময় আগুয়ান গোলরক্ষক অ্যাডলারের মাথার ওপর দিয়ে অরক্ষিত পোস্টে বল পাঠিয়ে দেন। গোলটিকে রক্ষণব্যূহ ভেদ করে কোনো দলের ফরোয়ার্ড লাইনের গোল করার দক্ষতার অপূর্ব ব্যাকরণিক উদাহরণই বলা যেতে পারে।এরপর দ্বিতীয়ার্ধে জার্মানি গোলের উত্স তৈরি করার বদলে কেন যেন নিষ্প্রভ হয়ে পড়ে। আর্জেন্টাইন ফরোয়ার্ডরা একের পর এক আক্রমণ গড়ে জার্মানির প্রান্তসীমাতেই খেলাটিকে সীমাবদ্ধ রাখেন।ম্যাচ শেষে আপ্লুত আর্জেন্টাইন কোচ দিয়েগো ম্যারাডোনা বলেন, ‘আমি প্রায়ই বলে থাকি, আর্জেন্টিনার এবারের দলটি বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে, দেশে (আর্জেন্টিনাতে) আমার কথা কেউ বিশ্বাস করতে চায় না। আজ আমরা যেভাবে খেললাম, এভাবে খেললেই এবারের বিশ্বকাপ আমাদের।’ম্যারাডোনা আরও বলেন, ‘আর্জেন্টিনার ভক্তকুলকে আমি জানিয়ে দিতে চাই, আমরা জেগে আছি, বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা জানি, আর্জেন্টিনা ২৪ বছর বড় কোনো শিরোপা জেতেনি। সব সমর্থক উন্মুখ হয়ে আছে আমাদের সাফল্যের জন্য।’তিনি মিউনিখের গত রাতের জয়কে ২০০৬-এর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হারেরও একটি মধুর প্রতিশোধ হিসেবে অভিহিত করেন। অন্যান্য খেলাগতকাল বুধবার রাতে মিউনিখে আর্জেন্টিনা-জার্মানি ম্যাচের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্রেন্ডলি অনুষ্ঠিত হয়েছে। যাতে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও পর্তুগালের মতো দলগুলো মাঠে নেমেছিল।আমস্টার্ডামে নেদারল্যান্ডস ২-১ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে। উরুগুয়ে ৩-১ গোলে জিতেছে সুইজারল্যান্ডের বিপক্ষে মোনাকোতে। মিসর ওয়েম্বলিতে ৩-১ গোলে হেরে যায় ইংল্যান্ডের কাছে। মোনাকোতে অনুষ্ঠিত অপর খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন গোলশূন্য ড্র করেছে ক্যামেরুনের বিপক্ষে। এ ছাড়া পর্তুগাল ২-০ গোলে হারিয়েছে চীনকে।ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন প্যারিসে ডেভিড ভিলা ও সার্জিও র্যামোসের গোলে ২-০ গোলে হারিয়েছে ১৯৯৮-এর বিশ্ব চ্যাম্পিয়ন ও গতবারের রানার্স আপ ফ্রান্সকে।আর সবচেয়ে চমক দেখানো ফলাফল দক্ষিণ কোরিয়ার। তারা ২-০ গোলে দিদিয়ের দ্রগবার আইভরিকোস্টকে হারিয়ে জানান দিয়েছে, দক্ষিণ আফ্রিকায় তাদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ম্যাচের চার মিনিটের সময় লি ডং গুক ও একেবারে শেষ লগ্নে কোয়াক তাই হি কোরিয়ার পক্ষে গোল দুটি করেন।