আর্জেন্টিনায় ব্যাপক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। রাজধানী বুয়েনস এইরেসে এই বিক্ষোভ হয়। গত এক দশকের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ক্রমে বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, বড় ধরনের অপরাধ ও ব্যাপক দুর্নীতির প্রতিবাদে জনতা এই বিক্ষোভ করে। প্রায় চার ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। সব বয়সী মানুষ এতে যোগ দেয়। তবে বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। বিক্ষোভকারীদের হাতে আর্জেন্টিনার পতাকা ও বিভিন্ন ব্যানার ছিল। এসব ব্যানারে ‘অপরাধ বন্ধ কর’, ‘দুর্নীতি কমাও’, ‘সংবিধান সংস্কারকে না বলুন’ এসব দাবি জানানো হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে আর্জেন্টিনার পুলিশ জানায়, কমপক্ষে ৩০ হাজার বিক্ষোভকারী বিক্ষোভে অংশ নেয়। তবে আর্জেন্টিনার সরকারি হিসাবমতে দেশটিতে মুদ্রাস্ফীতির হার ১২ শতাংশ। দেশটির সরকার বলছে, বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে আর্জেন্টিনার অর্থনীতিও ধীরগতিতে চলছে। প্রেসিডেন্ট কির্চনারের সমর্থকদের দাবি, বিক্ষোভে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণী অংশ নিয়েছে। কারণ, দরিদ্রদের সরকার যে বিশেষ সুবিধা দেয়, তা তাদের পছন্দ নয়। রাজধানী ছাড়াও করদোবা, মেনদোজা ও লা প্লাতা শহরে বিক্ষোভ চলে। এ ছাড়া রোম, চিলি ও অস্ট্রেলিয়ায় আর্জেন্টিনার উপ-দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়েছে। ২০১১ সালে কির্চনার দ্বিতীয় মেয়াদে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।