আর্জেন্টিনায় ভোটাধিকার পেল ১৬ বছর বয়সীরা
আর্জেন্টিনায় ১৬ বছর বয়সীরা ভোট দিতে পারবে। আজ বৃহস্পতিবার সে দেশের পার্লামেন্ট এ-সংক্রান্ত একটি আইন অনুমোদন করেছে। আগামী বছর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনেই এ আইন কার্যকর হবে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ এই আইন পাস সমর্থন করেছেন। আর বিরোধীরা এ আইনকে প্রেসিডেন্টের ভোট বাড়ানোর পন্থা বলে সমালোচনা করেছেন। বিবিসির খবরে বলা হয়, ১৬ বছর বয়সীদের ভোটাধিকারের পক্ষে আইনটি পার্লামেন্টের নিম্নকক্ষ সিনেটে আগেই অনুমোদন পেয়েছিল। চূড়ান্তভাবে এটি উচ্চকক্ষে (হাউস অব ডেপুটিজ) পাস হওয়ার সময় পার্লামেন্টে হট্টগোল করেন বিরোধীরা।আইন পাসের আগে বিরোধীদলীয় বেশির ভাগ নেতা পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন। তবে শেষ পর্যন্ত ১৩১ ভোট পেয়ে আইনটি পাস হয়। বিপক্ষে ভোট পড়ে দুটি। এ আইনের ফলে ১৬ থেকে ১৭ বছর বয়সী ১০ লাখের বেশি তরুণ ভোট দিতে পারবে।পার্লামেন্টের উচ্চকক্ষে সরকারি দলের প্রধান অগাস্টিন রসি বলেন, এ আইন পাস হওয়া খুবই ইতিবাচক পদক্ষেপ। এর মাধ্যমে ভোটারের সংখ্যা আরও বিস্তৃৃত হয়েছে। আর্জেন্টিনায় ১৮ থেকে ৭০ বছর বয়সীদের ভোট দেওয়া বাধ্যতামূলক। নতুন আইনের ফলে ১৬ ও ১৭ বছর বয়সীরাও ভোট দিতে পারবে; তবে তাদের ভোট দেওয়া বাধ্যতামূলক নয়। লাতিন আমেরিকার বেশির ভাগ দেশে ভোটাধিকারের বয়স ১৮। তবে ব্রাজিল, ইকুয়েডর, নিকারাগুয়াসহ কয়েকটি দেশে ১৬ বছর বয়সীরাও ভোট দিতে পারে; এখন এই তালিকায় যোগ হলো আর্জেন্টিনা।