আর্টিকুলেটেড বাস সার্ভিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ঢাকা মহানগরে আর্টিকুলেটেড বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই বাস সার্ভিস চালুর ফলে রাজধানীর যোগাযোগব্যবস্থায় নতুন যুগের সূচনা হলো।এই সার্ভিস উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, নতুন আর্টিকুলেটেড বাস নগরবাসীকে স্বস্তিদায়ক ও দ্রুত সেবা দিতে সক্ষম হবে। তিনি বলেন, বর্তমান সরকার জাতির সার্বিক কল্যাণের পাশাপাশি নগরবাসীর জন্য সহজ ও নিরাপদ যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ভারতীয় ডলার ক্রেডিট লাইনের আওতায় কেনা এই সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। এই বাসগুলো জয়দেবপুর থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত চলাচল করবে। ১০টি বাস নিয়ে এই সার্ভিসের উদ্বোধন করা হয়। শিগগিরই আরও ৪০টি বাস এই বহরে যুক্ত হবে। বাসগুলোর প্রস্তুতকারক হলো ভারতের অশোক লেল্যান্ড কোম্পানি।এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, বাংলাদেশ ও ভারতের দুই হাইকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।