আনসার-ভিডিপি সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী
আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার জন্য আনসার-ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে আনসার ও ভিডিপির ৩১তম জাতীয় সমাবেশে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের হেফাজত করা আনসার-ভিডিপির পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে সততা, আন্তরিকতা ও সাহসের সঙ্গে আনসার-ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এর আগে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে করে আনসার-ভিডিপির চৌকস কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বীর বিক্রম।শেখ হাসিনা এই বাহিনীর কল্যাণে আনসার ও ভিডিপি ব্যাংক গঠনের কথা উল্লেখ করে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত এটা জেনে যে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজের জন্য পাঁচজন আনসারকে পদক বিতরণ করা হয়। আনসার পদক পেয়েছেন আবুল খায়ের এবং রাষ্ট্রপতি আনসার পদক পেয়েছেন রুবিনা আকতার, বীণা আকতার, আবু বারেক সিদ্দিকী ও সামসুল আলম।অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সাংসদ ও সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেন। বাসস