অর্থনীতি সমিতির সম্মেলনের প্রথম দিনের স্মারক বক্তৃতা
আর্থসামাজিক কাঠামোয় দেশে আয়বৈষম্য প্রকট হচ্ছে
বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোয় যেভাবে আয়বৈষম্য প্রকট হচ্ছে, তা উদ্বেগজনক দিকে যাচ্ছে বলে আশঙ্কা করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদেরা। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তাঁরা গুণগত মানসম্পন্ন শিক্ষার বিস্তার এবং সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন। গুরুত্ব দিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পরিকল্পিত বিকাশের ওপর।গতকাল বৃহস্পতিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সপ্তদশ দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম দিনের বিভিন্ন অধিবেশনে এ উদ্বেগ ও পরামর্শ বেরিয়ে এসেছে।গতকাল সকালে রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি স্মারক বক্তৃতা দেওয়া হয়। এস আর বোস স্মারক বক্তৃতা দেন অধ্যাপক আনিসুর রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক সনৎ কুমার সাহা।আনিসুর রহমান বলেন, বাংলাদেশে যাঁরা অর্থনীতির পেশাগত চর্চা করেন, তাঁদের সুস্পষ্টভাবে সমতা নিয়ে কথা বলতে হবে, শুধু দারিদ্র্য বিমোচন নিয়ে নয়। কারণ অর্থনীতিবিদেরাই উন্নয়নে বৈষম্যের বিষয়টি তুলে ধরে জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তবে বৈষম্যমুক্ত উন্নয়নকে উৎসাহিত করে, এমন রাষ্ট্রীয় প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে বলে মনে করেন প্রবীণ এই অর্থনীতিবিদ। তিনি বর্তমান সমাজ-কাঠামোয় জননেতৃত্বের সঙ্গে জনগণের বড় ধরনের দূরত্বের কথা উল্লেখ করে বলেন, দেশ সমৃদ্ধ হতে থাকায় এর মধ্যে যে সুষম অংশীদারি সাধারণ মানুষ প্রত্যাশা করে, তা পূরণ না হওয়ার ফলে এটি ঘটেছে। ধর্মভিত্তিক মৌলবাদী গোষ্ঠী এই দূরত্বের সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে, যা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না বলে তিনি সতর্ক করে দেন।আনিসুর রহমান বলেন, বৈষম্য বেড়ে চলায় সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর একটি অংশ এই বঞ্চনা থেকে বেরিয়ে আসার জন্য লড়াই করছে। তবে এদেরই আরেকটি অংশ আবার জড়িয়ে পড়ছে সমাজবিরোধী কর্মকাণ্ডে। উদ্বেগের বিষয় হলো, এরা অনেকেই ধর্মভিত্তিক মৌলবাদী চক্রে যুক্ত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।আনিসুর রহমানের মতে, শুধু আইনশৃঙ্খলা-ব্যবস্থার মধ্য দিয়ে মৌলবাদী সন্ত্রাসীদের মোকাবিলা করা যাবে না। তাদের মোকাবিলায় প্রয়োজন গণমুখী উন্নয়ন-প্রক্রিয়া। আর এ জন্য প্রয়োজন কৃষি সংস্কার। তিনি ব্যাপকভিত্তিক সাক্ষরতা প্রচারণা কর্মসূচি জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি পুরো জাতিকে নতুনভাবে নাড়া দিতে পারে।এস এ এম এস কিবরিয়া স্মারক বক্তৃতা দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। ফরাসউদ্দিন বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো দেশের সাফল্যের একমাত্র চালিকা নয়। প্রবৃদ্ধির পাশাপাশি সম্পদের সুষম বণ্টন, গুণগত শিক্ষাব্যবস্থা এবং যথাযথ কর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ২০২১ সালের রূপকল্পকে বাস্তবে রূপ দিতে হলে কার্যকর বাস্তবায়নের ওপর জোর দিতে হবে।ফরাসউদ্দিন কর্মসংস্থান সৃষ্টির জন্য অতি ক্ষুদ্র্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে (এমএসএমই) বিকশিত করার পরামর্শ দেন।বজলুর রহমান স্মারক বক্তৃতা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ অধিবেশনে সভাপতিত্ব করেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ। আতিউর রহমান বলেন, বৈষম্য কমিয়ে বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার অন্যতম উপায় হলো আর্থিক অন্তর্ভুক্তকরণের আওতা বাড়ানো।এ কাজে বাংলাদেশ ব্যাংক প্রযুক্তিনির্ভর পদ্ধতি গ্রহণ করেছে বলে উল্লেখ করে তিনি জানান, এটা করা হচ্ছে ব্যয় কমিয়ে আনার জন্য।কর্ম অধিবেশন: বিকেলে অনুষ্ঠিত উন্নয়নের রাজনৈতিক অর্থনীতিবিষয়ক কর্ম অধিবেশনের সভাপতিত্ব করেন অধ্যাপক মো. সিকান্দার খান। নির্ধারিত বক্তা অধ্যাপক এম এম আকাশ বলেন, পঁচাত্তরের পটপরিবর্তনের পর অর্থনীতির গতিমুখ বদলে যায়। অর্থনীতি ঝুঁকে পড়ে পুঁজিবাদী দর্শনের দিকে। সেই ধারা এখনো বহাল রয়েছে। আর তাই ২০২১ সালে রূপকল্প বাস্তবায়নের কথা যখন বলা হচ্ছে, তখন প্রবৃদ্ধির কৌশল কী হবে তা নির্ধারণ জরুরি। প্রবৃদ্ধিতে সবার অন্তর্ভুক্ত থাকার ওপর জোর দেন তিনি।জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক আরেক কর্ম অধিবেশনে বক্তারা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থবহ ব্যবস্থা রাখার আহ্বান জানান। এ অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। নির্ধারিত আলোচক ছিলেন উত্তম কুমার দেব।