আর্থিক কেলেঙ্কারির মুখে সারকোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের নির্বাচনী প্রচারণার সময় ফ্রান্সের অন্যতম বিত্তশালী নারী লরিয়েল হেইরেস লিলিয়াঁ বেতেঙ্কুর কাছ থেকে অবৈধভাবে অর্থসহায়তা নেওয়ার অভিযোগে এবার জেরার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। অনেকে বলছেন, এ ঘটনার তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে সারকোজির রাজনৈতিক ভবিষ্যত্। বিবিসির অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।সারকোজির বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য তিনি অবৈধভাবে বেতেঙ্কুর কাছ থেকে বড় অঙ্কের টাকা অনুদান নেন। বেতেঙ্কুর সাবেক হিসাবরক্ষক খ্লেয়া থিবোঁয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সারকোজির নির্বাচনী কোষাধ্যক্ষ এরিখ ওয়াকখত ওই সময় নগদ এক লাখ ৫০ হাজার ইউরো অনুদান হিসেবে তুলে নেন। ফ্রান্সে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ব্যক্তিগত অনুদান চার হাজার ৬০০ ইউরোর বেশি হতে পারবে না বলে বিধান রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে খ্লেয়া থিবোঁ আরও জানান, ১৯৮৩ থেকে ২০০২ সাল পর্যন্ত নেইয়ির মেয়রের দায়িত্বে থাকার সময় সারকোজি প্রায়ই বেতেঙ্কুর বাড়িতে যেতেন।এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে বিচারক জাঁ মিশেল জঁথির নির্দেশে সারকোজির বাড়ি ও দপ্তরে তল্লাশি চালায় পুলিশ। সারকোজির সাবেক কোষাধ্যক্ষ এরিখ ওয়াকখতের বিরুদ্ধেও একই অভিযোগে তদন্ত চলছে। তবে সারকোজি ও ওয়াকখত এ অভিযোগ অস্বীকার করেছেন।চলতি বছর সোশ্যালিস্ট পার্টির নেতা ফ্রাসোয়া ওলাঁদের কাছে হেরে যাওয়ার পর রাজনীতি থেকে অনেকটা দূরে সরে আছেন সারকোজি। তবে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আবারও ফিরে আসতে পারেন বলে শোনা যাচ্ছে। অবৈধভাবে অর্থ নেওয়ার বিষয়ে ওঠা অভিযোগের তদন্তের ফল কী দাঁড়ায়, এর ওপর সারকোজির রাজনৈতিক ভবিষ্যত্ নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।