আর্থিক ক্ষতির মুখে বগুড়ার আলু চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বগুড়া জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। আশাতীত ফলন হলেও আলু চাষিরা ভালো নেই। আলু নিয়ে চাষিরা এবার চরম বিপাকে পড়েছেন। হিমাগারগুলোতে আলু ও বীজ আলু রাখার জন্য জায়গা পাচ্ছেন না তাঁরা। এমনিতে হিমাগার মালিকেরা হিমাগারের ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এর ওপর হিমাগারে জায়গা না পেয়ে আলু বাড়িতে রাখতেও পারছেন না চাষিরা। খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া জেলায় এবার সর্বোচ্চ পরিমাণ আলুর চাষ হয়েছে। এবার আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫৬ হাজার হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল নয় লাখ মেট্রিক টন। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী এ বছর আলুর উৎপাদন ১০ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। গত বছর যেসব জমিতে বিঘা প্রতি ৬০ থেকে ৭০ মণ আলু হয়েছে। এবার সেখানে হয়েছে ১০০ থেকে ১২০ মণ। আলুর উৎপাদন ভালো হলেও চাষিরা পড়েছেন বিপাকে। তাঁরা হিমাগারগুলোতে আলু নিয়ে গিয়ে জায়গা পাচ্ছেন না। বড় বড় ব্যবসায়ী ও মৌসুমী আলু মজুদকারীরা আগে থেকেই হিমাগারগুলোর জায়গা দখল করে রেখেছেন। বেশির ভাগ হিমাগারে কাপড় টাঙিয়ে দেওয়া হয়েছে জায়গা নেই বলে। অনেক চাষি আলু নিয়ে হিমাগারগুলোর সামনে ধরনা দিচ্ছেন। হিমাগারের সামনে এখন আলুর বস্তা আর বস্তা। আর এ সুযোগ নিচ্ছেন কিছু হিমাগার মালিক ও ব্যবসায়ী। তাঁরা এসব কম দামের আলু কিনে হিমাগারে রাখছেন।বগুড়া জেলার হাটগুলোতে গ্রানোলা জাতের সাদা বড় সাইজের আলুর (স্থানীয় ভাষায় হল্যান্ড) মণপ্রতি দর ছিল ২২০ থেকে ২৪০ টাকা। দেশি জাতের লাল পাকরি ৪০০ থেকে ৪২০ আর বীজ আলু কেনাবেচা হয়েছে ৪৮০ থেকে ৫০০ টাকা দরে। অথচ আগে পাইকারি বাজারে প্রতি মণ আলুর দর ছিল প্রকারভেদে ২৯০ থেকে ৬৫০ টাকা। তবে পাইকারি বাজারে আলুর দরপতন ঘটলেও খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি। গেল সপ্তাহের মতো এ সপ্তাহেও প্রতি কেজি আলু ১১ থেকে ১৩ টাকায় কেনাবেচা করতে দেখা গেছে। বগুড়ায় আলুর সবচেয়ে বড় হাট শিবগঞ্জের কিচকে গত ৩১ মার্চ প্রচুর আলুর আমদানি দেখা গেছে। বিভিন্ন জাতের মধ্যে গ্রানোলা জাতের সাদা বড় সাইজের আলুই বেশি চোখে পড়েছে। বিশাল ওই হাটের যেদিকে চোখ যায়, সেখানেই যেন আলুর পাহাড়। কিচক হাটসংলগ্ন মেসার্স মণ্ডল বীজ ভান্ডারের স্বত্বাধিকারী ওবায়দুল হক লিটন জানান, সপ্তাহে তিন দিন হাট বসলেও বুধবারেই আলুর আমদানি সবচেয়ে বেশি হয়। তিনি এর আগে রোববার ওই হাটে গ্রানোলা জাতের ১০০ মণ আলু কেনার কথা উল্লেখ করে বলেন, ‘সেদিন যে আলু প্রতিমণ ২৯০ টাকা দরে কিনেছিলাম আজ তার দাম ২২০ টাকায় নেমে গেছে।’ বগুড়া সদরের গোকুলের আগমনী কোল্ড স্টোরেজে গিয়ে দেখা গেছে, বাইরে আলুর বস্তার স্তূপ, কোনো জায়গা নেই। বাঘোইল গ্রামের চাষি ইমান আলী বলেন, ‘গত বছর আছিল ৮৫ কেজির বস্তা ২০০ টাকা ভাড়া আর এবার করিছে ২৬০ টাকা। তার আগের বছর ছিল ১৭০ টাকা। এত টাকা ভাড়া দিয়ে আলু আর রাখা যাবি না।’ বগুড়া সদরের গোকুল এলাকার আগমনী কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক জাকির খান জানান, আগে যাঁরা বুকিং দিয়েছেন, তাঁদের আলু রাখা হচ্ছে। তিনি বলেন, গত বছর হিমাগারের ভাড়া ছিল বস্তাপ্রতি ২০০ টাকা। বাংলাদেশ কোল্ড স্টোরেজ মালিক সমিতি এই ভাড়া বাড়ানোর নোটিশ দিয়েছে। মোকামতলা আর অ্যান্ড আর পটেটো কোল্ড স্টোরেজে জায়গা নেই তা চাষিদের জানিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন চাষি আলু এনেছেন রাখার জন্য কিন্তু জায়গা না পেয়ে ফিরে গেছেন। কিন্তু গত রোববার সরেজমিন গিয়ে দেখা গেছে, এই হিমাগারে প্রতি বস্তা ৩০০ টাকা ভাড়া হিসাবে টাকা নেওয়া হচ্ছে। হিমাগারের কর্মকর্তা রিপন দত্ত এ সময় বলেন, নতুন করে যাঁরা আলু রাখতে আসছেন, তাঁদের কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে। এর কারণ, তাঁরা যেন আর না আসেন। কৃষি বিভাগের একজন কর্মকর্তা জানান, আলু রাখতে না পারার কারণে এ বছর চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। গত তিন মৌসুমে আলু নিয়ে চাষিদের এ রকম ভোগান্তি পোহাতে হয়নি। কিন্তু চলতি মৌসুমে আলুর দাম কমে যাওয়ায় এখন তাঁদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।