আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারবাজারে বিনিয়োগ-সীমা সমন্বয়ের সময়ও বেড়েছে
অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাজার-সংশ্লিষ্টতার সীমা সমন্বয়ের সময় ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্যাংকের শেয়ার বাজার-সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানে দেওয়া ঋণের সমন্বয় সময় বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে আজ সোমবার এ বিষয়ে পৃথক একটি নির্দেশনায় এই ঘোষণা দেওয়া হয়েছে।আর্থিক প্রতিষ্ঠান আইন অনুসারে কোনো অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তাদের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে। কিন্তু ২০০৯-১০ সালে শেয়ারবাজার উত্থানের আগে অনেক অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানই এই সীমা অতিক্রম করে বাজারে বিভিন্নভাবে বিনিয়োগ করে। যেমন করে ব্যাংকগুলোও ব্যাংক কোম্পানি আইন না মেনে মোট আমানতের (দায়) ১০ শতাংশের বেশি শেয়ারবাজারে বিনিয়োগ করে ফেলে।বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাজারে বিনিয়োগের পরিমাণ আইনি সীমার মধ্যে নামিয়ে আনতে এর আগে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পড়ে কেন্দ্রীয় ব্যাংক গতকাল এই সময় ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।