হাজারো পুণ্যার্থীর মিলনমেলার মধ্য দিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং আর্যপুর ধর্ম্মোজ্জ্বল বনবিহারে দানোত্তম কঠিন চীবরদান উৎসব শেষ হয়েছে। গতকাল শুক্রবার ছিল দুদিনব্যাপী উৎসবের শেষ দিন।বৌদ্ধধর্মাবলম্বীদের মতে, বৌদ্ধভিক্ষুদের পরিধেয় বিশেষ বস্ত্র দান করাকে কঠিন চীবরদান উৎসব বলা হয়। প্রায় আড়াই হাজার বছর আগে এই উৎসবের সূচনা হয়। সে সময় শ্রেষ্ঠ উপাসিকা (দায়িকা) বিশাখা গৌতম বুদ্ধের নির্বাণ লাভের আগে বর্ষাবাস পালনকারী ভিক্ষু সংঘকে এ রকম চীবরদানের মাধ্যমে প্রথম কঠিন চীবরদান করেন। তখন থেকে বৌদ্ধধর্মাবলম্বীরা কঠিন চীবরদান উৎসব পালন করে আসছেন। তাঁরা বিশ্বাস করেন, কঠিন চীবরদানই পৃথিবীর শ্রেষ্ঠ দান। সে জন্য এটিকে বলা হয় দানোত্তম। উৎসবে কঠিন চীবর আনয়নের সময় সব শ্রেণীর মানুষ ঢোল, মন্দিরা, বাঁশি, তবলাসহ নানা বাদ্য বাজিয়ে নাচে-গানে মাতিয়ে তোলে পুরো অনুষ্ঠানস্থল। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল কল্পতরু আনয়ন, বৌদ্ধ পূজা, প্রদীপ পূজা, রাতে ফানুস ওড়ানো ইত্যাদি।