আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীরা চিকিৎসার সুবিধা পায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীরা সরকারিভাবে কোনো চিকিৎসার সুবিধা পাচ্ছে না। আর্সেনিকের উপস্থিতি নিশ্চিত করতে নলকূপের পানি পরীক্ষার সরকারি ব্যবস্থাও অপ্রতুল বলে জানা গেছে।আর্সেনিকোসিসে আক্রান্ত রোগী সূত্রে জানা গেছে, সরকারিভাবে তারা কোনো চিকিৎসার সুবিধা পাচ্ছে না। এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলেও তাদের ঠিকমতো চিকিৎসাসেবা দেওয়া হয় না। আর্সেনিকোসিসে আক্রান্ত পালপাড়া গ্রামের আছিয়া বেগম (৪০) অভিযোগ করেন, শরীরের অবস্থা আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছে। কয়েকবার বাড়িতে এসে লোকজন নাম লিখে নিয়ে গেছে। কিন্তু কোনো রকম চিকিৎসা বা ওষুধ দেয়নি। একই গ্রামের নূরন্নাহার পল্লবী (২৮) বলেন, ‘হাসপাতালে গিছি কয়েকবার। ডাক্তাররা কিছু ট্যাবলেট দিয়ে বিদায় দেয়। কী রোগ, কী অবস্থা, ভালো করে শোনেও না।’ প্রেমবাগ গ্রামের সবুর হোসেন (৩৯) বলেন, ‘দীর্ঘদিন ধরে ভুগদিছি কেও খোঁজও নিতি আসিনি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ‘আমরা উপজেলায় এ পর্যন্ত ২০৬ জন আর্সেনিকোসিসে আক্রান্ত রোগী শনাক্ত করেছি। রোগীর সংখ্যা আরও বাড়বে। স্বাস্থ্য কমপ্লেক্সে এ রোগের কোনো ওষুধ সরবরাহ নেই। আমরা ওষুধের জন্য লিখেছি। এ মাসের শেষ নাগাদ ওষুধ এসে পৌঁছাবে। আশা করছি, আগামী মাসের প্রথম থেকে রোগীদের আমরা বিনা মূল্যে ওষুধ দিতে পারব। তা ছাড়া প্রত্যেক রোগীকে যাতায়াত খরচও দেওয়া হবে।’সরেজমিনে জানা গেছে, উপজেলার প্রেমবাগ ইউনিয়নে আর্সেনিকোসিসে আক্রান্ত হয়ে গত ১২ বছরে ১৮ জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে কয়েক শ লোক। এর মধ্যে প্রেমবাগ গ্রামে ১১ জন, ধলিরগাতি গ্রামে চারজন, পালপাড়া গ্রামে একজন, জিয়াডাঙা গ্রামে একজন এবং পুড়াটাল গ্রামে একজন মারা গেছে।১৯৯৮ সালে এলাকার নলকূপগুলোর পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি ধরা পড়ে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ২০০৩ সালে বাংলাদেশ আর্সেনিক মিটিগেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই প্রজেক্টের আওতায় প্রেমবাগ ইউনিয়নে এক হাজার ৬৮৮টি নলকূপের পানি পরীক্ষা করে ৩১০টিতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্ত করা হয় ৫৫ জন।তবে নলকূপের পানি পরীক্ষার সরকারি ব্যবস্থাও অপ্রতুল। ধলিরগাতি গ্রামের মো. মফিজউদ্দিন (৩৫) বলেন, ‘কোথায় ও কীভাবে নলকূপের পানি পরীক্ষা করা হয়, জানি না। ভালো পানি খাচ্ছি, না আর্সেনিকযুক্ত পানি খাচ্ছি, বুঝতে পারছি না।’উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রত্নেশ্বর বিশ্বাস বলেন, ‘আমরা বছরে ১০০ নলকূপের পানি পরীক্ষার সরঞ্জাম বরাদ্দ পাই, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ২০০৩ সালের পর নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষার আর কোনো জরিপ হয়নি। ওই জরিপে এ উপজেলায় আর্সেনিক ঝুঁকির পরিমাণ মাত্র ১৪ শতাংশ। আর্সেনিকোসিসে আক্রান্ত হয়ে ইতিপূর্বে প্রেমবাগ ইউনিয়নে কয়েকজন লোক মারা গেছে। তবে এখন অবস্থা বেশ ভালো।’উপজেলার আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীদের শনাক্তকরণ এবং তাদের চিকিৎসা দিতে গত এপ্রিল থেকে কাজ শুরু করেছে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক। সংস্থাটির কান্ট্রি কো-অর্ডিনেটর তরুণ কান্তি হোড় বলেন, ‘সরকারিভাবে ২০৬ জন রোগীর কথা বলা হলেও রোগীর সংখ্যা এর প্রায় দ্বিগুণ হবে। আমরা কাজ শুরু করেছি। তাড়াতাড়ি সব রোগীকে শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছি।’