আল-আমিন ও এলাকাবাসীর সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারের বড়দেশী গ্রামে পিটিয়ে ছয় ছাত্র হত্যায় গঠিত তদন্ত কমিটি নিহতদের স্বজন, আহত আল-আমিন ও ক্যাবলার চরের বাসিন্দাদের সাক্ষ্য নিয়েছে।এদিকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রথম দিনের তদন্তে গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে আহত আল-আমিনের দারুসসালামের বাসায় যান তদন্ত কমিটির প্রধান পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (প্রশাসন) আমির উদ্দিন ও এর সদস্যরা। তাঁরা প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে আল-আমিনের সাক্ষ্য নেন। সাক্ষ্য নেওয়ার কক্ষে আল-আমিনের বাবা হবি ব্যাপারি ও চাচা সরোয়ার ব্যাপারিও ছিলেন। সেখান থেকে পাশের একটি বাসায় গিয়ে নিহত ছয়জনের স্বজনদের সাক্ষ্য নেয় তদন্ত কমিটি। এরপর বেলা একটার দিকে কমিটি ঘটনাস্থল ক্যাবলার চর পরিদর্শন করে। বিকেল পাঁচটা পর্যন্ত গ্রামবাসীর সাক্ষ্য নেওয়া হয়। আল-আমিনের বাসা ঘুরে ক্যাবলার চরে আসার পর কমিটির প্রধান উপমহাপরিদর্শক আমির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘প্রকৃত ঘটনা উন্মোচনের জন্যই কমিটি কাজ শুরু করেছে। ইতিমধ্যে আল-আমিন ও নিহত ছাত্রদের স্বজনদের সাক্ষ্য নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে সাক্ষ্যের ব্যাপারে কিছুই বলা যাবে না। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই তদন্ত করে দেখা হবে।’ঘটনার পর থেকে বড়দেশী গ্রামে লোকজন কম দেখা গেলেও গতকাল তদন্ত কমিটি আসার কথা শুনে আগে থেকেই অনেক মানুষ ক্যাবলার চরে জড়ো হয়। দুই বছরের শিশু থেকে শুরু করে সত্তরোর্ধ্ব বৃদ্ধও তাদের মধ্যে ছিল। এ কয় দিন কেউ তেমন মুখ না খুললেও এদিন গ্রামের অনেকেই সাংবাদিকদের ঘিরে ধরে উত্তেজিতভাবে ঘটনার বর্ণনা দিতে থাকেন। তবে তদন্ত কমিটি পৌঁছার পর তাঁদের মধ্যে এ উ ৎ সাহ দেখা যায়নি। আল-আমিন ও স্বজনদের বক্তব্য: আহত আল-আমিন এদিন সাংবাদিকদের জানান, তিনি তদন্ত কমিটিকে বলেছেন, ১৭ তারিখ রাত সাড়ে ১১টার দিকে তিনি ও কামরুজ্জামান কান্ত ফুরফুরা শরিফের মসজিদে নামাজ পড়েন। এরপর তাঁরা রাস্তায় গেলে ইব্রাহিম খলিল, টিপু সুলতান, সিতাব জাবীর মুনিব, শামস রহিম ও তৌহিদুর রহমান পলাশের সঙ্গে দেখা হয়। তাঁরা হালকা কিছু খাওয়ার জন্য দুটি রিকশায় করে গাবতলীর দিকে রওনা হন। সেখানে তাঁরা পর্বত সিনেমা হলের সামনে নামেন। ঠিক করেন খাওয়ার আগে একটু ঘোরাঘুরি করে সময় কাটাবেন। এরপর গাবতলী ব্রিজের পাশের পুরোনো ব্রিজ ধরে নদীর দিকে যান। এ সময় বৃষ্টি নামলে তাঁরা আশ্রয় নেন একটি ছাপরাঘরের নিচে। আল-আমিন বলেন, বৃষ্টি থামলে তিনি, কান্ত ও পলাশ নদীর ধারে যান। বাকি চারজন ছিলেন ছাপরার নিচে। নদীর কাছাকাছি যেতে তাঁরা পেছনে ফিরে দেখেন, কয়েকজন লোক টর্চের আলো ফেলে ছাপরার কাছে থাকা চার বন্ধুর দিকে এগিয়ে যাচ্ছে। কাছাকাছি গিয়ে লোকগুলো তাঁদের সঙ্গে কথা বলে। এরপর হঠা ৎ মারধর শুরু করে। বন্ধুদের চি ৎ কারে তাঁরা তিনজন এগিয়ে যাওয়ার চেষ্টা করলে চারদিক থেকে ১৫-২০ জন লোক তাঁদের ঘিরে ধরে। আল-আমিন বলেন, তাঁরা ওই লোকগুলোকে বারবার বলছিলেন যে তাঁরা দারুসসালাম থেকে এসেছেন এবং সবাই ছাত্র। সঙ্গে পরিচয়পত্রও আছে। তার পরও ওই লোকগুলো ‘তোরা ডাকাত’ বলে তাঁদের তিনজনকে ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তারা তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর কান্ত ও পলাশকে ধরে একটি বালুর মাঠে নিয়ে যায়। আল-আমিন নিজে আহত হয়ে পড়ে থাকেন। এর কিছুক্ষণ পর শত শত লোক এসে তাঁকে আবার মারতে শুরু করে। একপর্যায়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।আল-আমিন বলেন, ওই দিন যাঁরা তাঁদের পেটান, তাঁদের বয়স ২৫ থেকে ২৭ বছর। তিনি দাবি করেন, পুলিশের চাপে পড়ে ঘটনার দিন গাঁজা খেতে যাওয়ার কথা বলেছিলেন। আল-আমিনের বাবা হবি ব্যাপারি বলেন, তদন্ত কমিটি খুব ‘সাবলীলভাবে’ তাঁদের সাক্ষ্য নিয়েছে। বক্তব্য লিখে নেওয়ার পর তিনি ও আল-আমিন স্বাক্ষর করেন। নিয়মমতো তদন্ত কমিটি লিখে নেওয়া সাক্ষ্য তাঁদের পড়ে শোনান। হবি ব্যাপারি বলেন, ঘটনার পর থেকে তিনি আতঙ্কে আছেন এবং ছেলেকে হাসপাতালে নিয়ে যেতেও ভয় পাচ্ছেন।ক্যাবলার চরে আসা শামসের বাবা সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহিম বাষ্পরুদ্ধ কণ্ঠে সাংবাদিকদের কাছে বলেন, ‘আমার কাছে ক্যাবলার চরকে মূল ঘটনাস্থল বলে মনে হচ্ছে না। কারণ, আমার ছেলে কখনো সন্ধ্যার পর বের হতো না। সে সিগারেট পর্যন্ত খেত না। আমার ধারণা, শামসসহ অন্যদের অন্য কোনো জায়গা থেকে ধরে এখানে আনা হয়েছিল।’গ্রামবাসীর বক্তব্য: সাক্ষ্য দেওয়ার পর বড়দেশী গ্রামের কয়েকজন বাসিন্দা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ওই যুবকেরা ডাকাত বলেই তাঁরা মনে করেন। তবে একজন বললেন এটি ‘দুর্ঘটনা’। তাঁরা কেউ ঘটনার প্রত্যক্ষদর্শী নন।কমিটিকে সাক্ষ্য দেওয়া এলাকার শওকত আলী রানা বলেন, ‘ঘটনার দিন ডাকাতদেরই মারা হইছে। খোঁজ নিয়া দেখেন, ওদের অনেকেই ছাত্র না। ঘটনার দিন আমি চরে ছয়জনরে মইরা পইড়া থাকতে দেখছি। লোকজনের কাছে শুনছি তাঁদের হাতে অস্ত্র ছিল এবং তারা ডাকাত ছিল।’ঘটনার ব্যাপারে পুলিশকে প্রথম অবহিতকারী হিসেবে দাবি করা মুরাদ হায়দার বলেন, ‘সবাই তো ডাকাতির আতঙ্কে ছিল। ডাকাত সন্দেহে তাদের মেরে ফেলছে। এখন দেখা গেল, তারা ছাত্র। এটা তো তখন কেউ জানত না। এটা দুর্ঘটনা। তবে এ ধরনের হত্যা মানবতার চরম লঙ্ঘন।’নিহত ছাত্রদের ডাকাত উল্লেখ করে সাভার থানায় দায়ের করা মামলার বাদী আবদুল মালেক তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, শবে বরাতের রাত সোয়া একটার দিকে পাঁচজন যুবক তাঁর বালুর গদি শাহাদত এন্টারপ্রাইজে এসে ধারালো অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তিনি চি ৎ কার দিলে আশপাশের মানুষ এবং গ্রামবাসী ঘটনাস্থলে এসে ওই যুবকদের পিটিয়ে হত্যা করে। ওই ছাত্ররাই কি দোকানে হামলা করেছিল—এ প্রশ্নে তিনি বিভ্রান্তিকর উত্তর দেন। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার: গতকাল ক্যাবলার চরে গ্রামবাসীর প্রত্যেকের মুখে ছিল সাংবাদিকদের ব্যাপারে নিন্দা। মাদকের সঙ্গে স্থানীয় কয়েকজনের সম্পৃক্ততার কথা উল্লেখ করায় গ্রামবাসী কয়েকটি সংবাদপত্রের সমালোচনা করেন। তাঁরা কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এদিন।গ্রেপ্তার হওয়া দুজন রিমান্ডে: এদিকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেলিম মৃধা ও সানোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান মিয়া গতকাল দুপুরে এ দুজনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানির পর প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।