আল-কায়েদা এ বছরই যুক্তরাষ্ট্রে হামলা চালাত: নিউইয়র্ক টাইমস
টুইন টাওয়ার ধ্বংসের ১০ বছর পূর্তিতে এ বছরের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করেছিল আল-কায়েদা। পাকিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের বাড়ি থেকে পাওয়া কম্পিউটার হার্ড ড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভে সংরক্ষিত বিভিন্ন নথিতে এ তথ্য পাওয়া গেছে। সংগঠনটি যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী রেলসেবা ব্যবস্থায় হামলার পরিকল্পনা করেছিল। তবে ঠিক কোন স্থানে হামলা চালানো হবে, সেটা ওই পরিকল্পনায় উল্লেখ করা হয়নি। গত বছর ফেব্রুয়ারি মাসে সর্বশেষ এ পরিকল্পনায় তথ্য সংযুক্ত করা হয়। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।প্রাপ্ত তথ্যে বেরিয়ে এসেছে, এখন আল-কায়েদার পরবর্তী নেতৃত্বে কারা রয়েছে এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত কারা নিহত হয়েছে। এ ছাড়া আল-কায়েদার জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে অনেক খণ্ডিত তথ্যও পাওয়া গেছে। বলা হচ্ছে, আল-কায়েদার দ্বিতীয় নেতা নতুনভাবে কাজ শুরু করেছে।হোয়াইট হাউসের গোয়েন্দা দলের চেয়ারম্যান মাইক রজার্স বলেন, ‘তাঁর (আল-কায়েদার দ্বিতীয় নেতা) সম্পর্কে আমাদের কাছে প্রচুর তথ্য আছে। আমি এ মুহূর্তে বলতে পারি না, কিন্তু বিশ্বাস করি আমরা ভালোভাবেই কাজ করেছি।’ তিনি আশা করেন, বিন লাদেনের বিরুদ্ধে গোয়েন্দা দলের এ অভিযান বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অগ্রগামী ভূমিকা রাখবে। এ অভিযানের পর অন্যান্য আল-কায়েদা নেতারাও শঙ্কিত হবেন।সিআইএ ও অন্যান্য গোয়েন্দা এজেন্সি গত রোববার থেকে অ্যাবোটাবাদের বাসা থেকে পাওয়া কম্পিউটার, ফ্ল্যাশ ড্রাইভ এবং ডিভিডির তথ্য নিয়ে কাজ করছে। বিন লাদেনের জামা-কাপড় থেকে ফোন নম্বর ও নগদ অর্থ পাওয়া গেছে।