আল-কায়েদা নেতা আওলাকির হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক
আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা আনোয়ার আল-আওলাকিকে হত্যার পর খোদ যুক্তরাষ্ট্রেই চরম বিতর্ক শুরু হয়েছে। একজন নাগরিককে বিনা বিচারে হত্যা করা যায় কি না—এ নিয়ে কথা উঠেছে বিভিন্ন মহল থেকে। চলমান জঙ্গি নিধন অভিযান, নাগরিক অধিকার এবং আইনগত প্রশ্নে বিভক্ত হয়ে পড়ছে মার্কিন সমাজ।জন্মসূত্রে মার্কিন নাগরিক আনোয়ার আল-আওলাকিকে গতকাল শুক্রবার ইয়েমেনে হত্যা করা হয়েছে। মার্কিন বাহিনীর চালকবিহীন বিমান হামলায় ইয়েমেনে পালিয়ে থাকা আওলাকি নিহত হয়েছেন। একই হামলায় নিহত হয়েছেন সমির খান নামের অপর এক মার্কিন নাগরিক।যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠনগুলো এবং মুসলমান আমেরিকানদের পক্ষ থেকে এ নিয়ে তাত্ক্ষণিক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কেবল গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একজন ভিন্ন মতাবলম্বীকে হত্যা করা হয়েছে। আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার না করে কোনো নাগরিককে এভাবে হত্যা করা যুক্তরাষ্ট্রের সংবিধানবিরোধী বলে মনে করে নাগরিক অধিকার সংগঠনগুলো। আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়নের উপপরিচালক জামিল জাফর বলেছেন, আজকের ঘটনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে দূরত্বে অবস্থানকারী একজন নাগরিককে হত্যার অনুমতি দেওয়া হয়েছে। কোনো বিচার ছাড়াই সরকারের পক্ষ থেকে এ হত্যার অনুমতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সব তথ্য-উপাত্ত শুধু জনগণই নয়, আদালতের কাছেও গোপন রাখা হয়েছে।ওবামা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, সন্ত্রাসবিরোধী যুদ্ধে আনোয়ার আওলাদ শত্রু পক্ষে যোগ দিয়েছেন। একসময় আওলাদ মার্কিনবিরোধী প্রচারণায় থাকলেও সম্প্রতি তিনি প্রচারণা ছেড়ে ধ্বংসাত্মক কাজে নেমে পড়েন। গত বছরই মার্কিন সরকারের পক্ষ থেকে তাঁকে অন্যান্য আল-কায়েদা নেতার মতোই হত্যার বিষয়ে অনুমোদন দেওয়া হয়।ওবামা প্রশাসন-সংশ্লিষ্টরা বলছেন, ২০০৯ সালে ডেট্রয়েটগামী বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনার নেপথ্যে ছিলেন আওলাকি। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধরত শত্রুপক্ষ আল-কায়েদার একজন তিনি এবং ইয়েমেনের রাজনৈতিক বাস্তবতায় সেখানে আওলাকিকে গ্রেপ্তার করার কোনো সুযোগ ছিল না। এসব কারণেই সরাসরি তাঁকে হত্যা করা হয়েছে।নাগরিক অধিকার সংগঠনগুলোর মতে, যুক্তরাষ্ট্রের সংবিধানে পঞ্চম সংশোধনীতে নাগরিকদের জীবন, স্বাধীনতা ও সম্পদ রক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আদালতের বিচারিক প্রক্রিয়ার বাইরে কোনো নাগরিককে হত্যার সুযোগ নেই যুক্তরাষ্ট্রের সংবিধানে।আনোয়ার আওলাকি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে তিনি মা-বাবার সঙ্গে ইয়েমেনে চলে যান। ১৯ বছর বয়সে ফিরে এসে কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিজ্ঞানে ডিগ্রি নেন। ধর্মীয় সভায় সুবক্তা হিসেবে তিনি খ্যাতিমান হয়ে ওঠেন। ডেনভার, সান্টিয়াগো, ভার্জিনিয়া ও ওয়াশিংটনে মসজিদে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ধর্মীয় বক্তৃতা যুক্তরাষ্ট্রে তরুণ মুসলমানদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করে প্রথমে যুক্তরাজ্যে এবং পরে ইয়েমেন চলে যান। ২০০৬ সাল থেকে সারা বিশ্বে আল-কায়েদা ও সমমনাদের কাছে আওলাকি জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর ইংরেজিতে দেওয়া বক্তব্য ইন্টারনেটে ব্যাপক প্রচার পেতে শুরু করে। সারা বিশ্বে তাঁর অনুসারী দ্রুত গড়ে ওঠে এবং তাঁর বক্তব্যের মাধ্যমে মার্কিনবিরোধী জেহাদে উদ্বুদ্ধ হওয়ার সংখ্যা বাড়ছে বলে মার্কিন প্রশাসনের অভিযোগ।গত শুক্রবার আনোয়ার আওলাকির হত্যার সংবাদ প্রকাশের পর মার্কিন বিচার বিভাগ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। কংগ্রেস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান পিটার কিং বলেছেন, আওলাকি মার্কিন নাগরিক হলেও স্বদেশের নাগরিকের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। কংগ্রেসম্যান পিটার কিং বলেন, প্রেসিডেন্ট ওবামা আওলাকিকে হত্যার নির্দেশ দিয়ে আইনসম্মত ও সঠিক কাজটিই করেছেন। রিপাবলিকান দলের হয়ে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী কংগ্রেসম্যান রন পল আওলাকি হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডকে সমর্থন করা মানে ভবিষ্যতেও আমাদের মেনে নিতে হবে যখন কোনো প্রেসিডেন্ট মন্দ লোক মনে করে কাউকে হত্যার নির্দেশ দেবেন।’ মার্কিন নাগরিক আওলাকিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোটাই উচিত ছিল বলে মন্তব্য করেন প্রবীণ আইনপ্রণেতা রন পল।