আল-কায়েদা নেতা লিবি বেঁচে আছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার সেকেন্ড ইন কমান্ড আবু ইয়াহিয়া আল-লিবি বেঁচে আছেন বলে দাবি করা হয়েছে। গতকাল রোববার আনসার ও আল-ফিদা নামে সংগঠনটির দুটি ওয়েবসাইট এ দাবি করেছে।অভিন্ন লিখিত বার্তায় দুটি ওয়েবসাইটেই বলা হয়, ‘শেখ আবু ইয়াহিয়া আল-লিবির একটি ভিডিও বার্তা শিগগিরই প্রকাশ করা হবে। আল্লাহ তাঁকে (লিবি) রক্ষা করুন।’ গতকাল আন্তর্জাতিক সময় ১৫টায় প্রথম বার্তাটি প্রচার করা হয়। এনডিটিভির খবরে বলা হয়, গত সোমবার আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন সূর্যাস্তের আগে চালানো এ হামলায় আল-লিবি নিহত হন বলে দাবি করা হয়। লিবির নিহত হওয়ার ঘটনা আল-কায়েদার জন্য একটি বড় ধাক্কা বলেও অভিহিত করে যুক্তরাষ্ট্র। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি দেশটির কর্মকর্তারা। জানা গেছে, মার্কিন অভিযানে নিহত ওসামা বিন লাদেনের একসময়ের বিশ্বস্ত সহযোগী আল-লিবিকে আল-কায়েদার বিশ্ব প্রচারণার অন্যতম নেপথ্য কারিগর হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতিপূর্বে আল-কায়েদার বিভিন্ন ভিডিও বার্তায় লিবির সক্রিয় উপস্থিতি দেখা গেছে।