আল-কায়েদা মহামারি—বললেন তালেবান নেতা
আফগানিস্তানে যুদ্ধের ডামাডোলে তালিবান ও আল-কায়েদা সমার্থক। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলোর সেনাবাহিনী তালেবান ও আল-কায়েদা নির্মূলে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু, এবার একজন শীর্ষস্থানীয় তালেবান নেতা আল-কায়েদাকে ‘মহামারি’ হিসেবে আখ্যায়িত করলেন। দ্য নিউ স্টেটসম্যান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে ওই নেতা বলেন, ‘কমপক্ষে শতকরা ৭০ জন তালেবান আল-কায়েদার ওপর ক্ষুব্ধ। আমাদের লোকেদের বিশ্বাস আল-কায়েদা এক মহামারি, যা ঈশ্বরের ইচ্ছায় আমাদের ওপরে এসে পড়েছে। সত্যি বলতে কি, ওসামার মৃত্যুর পরে আমি মুক্তি পেয়েছি। সে তাঁর একরোখা নীতির মাধ্যমে আফগানিস্তানকে ধ্বংস করেছে। সত্যি যদি সে জিহাদে বিশ্বাস করতো, তবে তার উচিত হতো সৌদি আরবে যাওয়া আর সেখানেই জিহাদ করা। আমাদের দেশকে ধ্বংস করে ওইসব করা তাঁর উচিত হয়নি।’অন্যতম জ্যেষ্ঠ এই তালিবান নেতা আরও বলেন, যুদ্ধে জয়লাভ তালিবানের জন্য এত সহজ হবে না, আর কাবুল জয়তো দূরের কথা। তিনি ওই সাক্ষাত্কারে বলেন, তালিবানদের উচিত আফগানিস্তানের অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর সাথে বোঝাপড়া করা।মাইকেল সেম্পেলের নেওয়া সাক্ষাত্কারটিতে তালিবান নেতার পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি। তাঁকে সম্বোধন করা হয়েছে ‘মৌলবি’ হিসেবে। তবে বলা হয়, মৌলবি একজন বীরযোদ্ধা ও নির্ভরযোগ্য নেতা, যিনি অনেকদিক গুয়ানতানামোর কারাগারে আটক ছিলেন। তালেবানদের শাসনামলে সেম্পেল কাবুলে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তালিবান নেতাদের সাথে প্রকাশ্যে ও গোপনে যোগাযোগ রক্ষার দায়িত্ব ছিল তাঁর। হার্ভার্ডের কার সেন্টার ফর হিউম্যান রাইটস পলেসির কর্মকর্তা সেম্পেল বলেন, ‘মৌলবির পরিচয় গোপন করা হয়েছে, কারণ আন্দোলন বিষয়ে যেকোনো অসংযত বক্তব্য দেওয়া নিষিদ্ধ।’ তবে তিনি নিশ্চিত করেছেন, মৌলবি তালেবান আন্দোলনের প্রথম সারির নেতা।তালেবান ওই নেতা আরও বলেছেন, ‘অনেকে মনে করে আল-কায়েদা মূলত আমেরিকার চর। প্রকৃতপক্ষে তালেবানরা হলো বোকা এবং রাজনীতি বিষয়ে অজ্ঞ। তাই তারা আল-কায়েদাকে আশ্রয় দিয়েছে। কিন্তু, আল-কায়েদা সুযোগের অপব্যবহার করেছে। গুয়ানতানামোতে থাকার সময় আমি বুঝতে পারি, আল-কায়েদা কত বড় বেইমান।’তালেবানদের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে তিনি বলেন, ‘তালেবানরা তাদের দেশ থেকে দখলদারদের তাড়াতে এবং শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য লড়ছে। যদি তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, তবে তাদের অবশ্যই একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করতে হবে। আমরা জানি আফগানিস্তানে অন্যান্য শক্তিশালী রাজনৈতিক দলও আছে। যেমন, দোস্তাম ও সায়েফ। তাদের প্রত্যেকেরই রাজনৈতিক কর্মসূচি আছে। তালিবানরা যখন ক্ষমতায় ছিল, তখনও দেশের বিভিন্ন অঞ্চলে আলাদা শরিয়া আইন প্রচলিত ছিল। কান্দাহার ও কাবুলে এক ধরনের শরিয়া আইন ছিল, হেরাতে ছিল অল্প কিছু, কিন্তু উত্তরাঞ্চলে এ ধরনের কোন আইনই ছিল না। ক্ষমতায় গেলেও তালিবানদের নানা সমস্যার মুখোমুখি হতে হবে, এমনকি মোল্লা ওমর নেতৃত্বে থাকলেও।’আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক নির্ধারণ নিয়ে তালিবানদের ভাবনা বিষয়ে মৌলবি বলেন, ‘অন্যদের সাথে সম্পর্ক না রেখে আপনি মানুষ হতে পারবেন না। আর এ বিষয়ে তালেবানদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরাট কোন মতপার্থক্য নেই।’