আল-কায়েদার অর্থে পাহাড়ে জমি কেনে জেএমবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিসার্চ সেন্টার ফর ইউনিটি ডেভেলপমেন্টের (আরসিইউডি) মাধ্যমে আল-কায়েদার সঙ্গে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির যোগাযোগ গড়ে উঠেছিল। জেএমবির আমির সাইদুর রহমান গত বছরের মে মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সর্বশেষ যুক্তরাজ্য ও ইয়েমেনে গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি যুবকের দেওয়া বক্তব্যেও এই তথ্যের সত্যতা মেলে।গত বছরের মে-জুনে জিজ্ঞাসাবাদসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, জেএমবির সঙ্গে বিদেশি যোগাযোগ আছে কি না, এ বিষয়ে টানা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইদুর রহমান ইয়েমেনভিত্তিক আল-কায়েদার সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেন। ২০০৮ সালের শেষার্ধে তাঁর সঙ্গে ঢাকায় বৈঠক করে আহমেদ নামে ইয়েমেনের এক ব্যক্তি আল-কায়েদার পক্ষ থেকে জেএমবিকে সহায়তার প্রস্তাব দেন। প্রস্তাবে মিয়ানমারের আরাকানভিত্তিক রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠীকে সংগঠিত করা এবং জেএমবিকে একটি প্রশিক্ষণ-পরিকল্পনা দেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে জেএমবিকে সমতল এলাকা ছেড়ে গভীর জঙ্গল, দুর্গম পাহাড়ি এলাকা ও সমুদ্রের তীরবর্তী এলাকায় জমি কিনে কার্যক্রম শুরুর পরামর্শ এবং এ ব্যাপারে আর্থিক সহায়তার আশ্বাস দেয় আল-কায়েদা। সূত্রগুলো জানায়, জেএমবির আমির সাইদুর রহমান জিজ্ঞাসাবাদে আরও জানান, মদিনায় অবস্থানরত জেএমবির সদস্য শাহেদের (জেএমবির চট্টগ্রাম বিভাগের সাবেক প্রধান) মাধ্যমে ইয়েমেনি আল-কায়েদার সদস্য আহমেদের সঙ্গে প্রথম যোগাযোগ হয় ঢাকার আরসিইউডির নেতা সায়েফের। পরে সায়েফই জেএমবির আমিরের সঙ্গে ঢাকায় আহমেদের বৈঠকের ব্যবস্থা করেন। সাইদুরের দাবি, তাঁকে চোখ বেঁধে গাড়িতে করে ঢাকার একটি অভিজাত বাসায় নেওয়া হয়। সেখানে তাঁর সঙ্গে আল-কায়েদার আহমেদ এবং আরসিইউডির রফিক সাদ্দাম ও সায়েফের বৈঠক হয়। সর্বশেষ যোগাযোগ হয় সাইদুর গ্রেপ্তার হওয়ার দুই মাস আগে। এরপর সাইফের সঙ্গে জেএমবির আমিরের দ্বিতীয় বৈঠক মিরপুরে এবং তৃতীয় বৈঠক হয় ২০০৯ সালের জানুয়ারিতে ধানমন্ডি লেকের পাড়ে। আল-কায়েদার পক্ষ থেকে বিদেশি মুদ্রায় ৭৪ লাখ টাকার সমমূল্যের অর্থ জেএমবিকে দেওয়া হয়। এরপর প্রশিক্ষণকেন্দ্রের জন্য জেএমবি খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার শান্তিপুরে নির্জন পাহাড়ে চার একর জমি কেনে। তবে অল্প দিনের মাথায় প্রশিক্ষণকেন্দ্রটি র্যাব শনাক্ত করে ফেলে।র্যাব সূত্র জানায়, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর র্যাব খাগড়াছড়ির ওই পাহাড়ে অভিযান চালিয়ে প্রশিক্ষণকেন্দ্রটি আবিষ্কার এবং সেখান থেকে রহিম নামে জেএমবির এক জঙ্গিকে গ্রেপ্তার করে। পরদিন ২৭ সেপ্টেম্বর র্যাব ওই জঙ্গিকে ঢাকায় সংবাদ সম্মেলনে হাজির করে এবং ওই প্রশিক্ষণ ক্যাম্পের আলোকচিত্র বড় পর্দায় দেখায়। র্যাবের ওই সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, গ্রেপ্তার হওয়া রহিম জিজ্ঞাসাবাদে বলেছেন, জেএমবির আমির সাইদুর রহমানের নির্দেশে এবং শুরা সদস্য শাহেদ ওরফে ওসমানের তত্ত্বাবধানে ওই জমি কিনে এই প্রশিক্ষণকেন্দ্র করা হচ্ছিল। দীর্ঘদিন গোয়েন্দা তৎপরতা চালিয়ে জেএমবির আমির সাইদুরকে গ্রেপ্তার করেন অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসানের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল। এই কর্মকর্তা গত বছর জুনে এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছিলেন, সাইদুর রহমান জিজ্ঞাসাবাদে আল-কায়েদার সঙ্গে জেএমবির যোগাযোগের কথা বলেছিলেন। তবে ‘তদন্তের স্বার্থে গোপনীয়তার’ কথা বলে তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি।টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) কেন্দ্রে সম্পৃক্ত অপর এক কর্মকর্তাও সাইদুরের উল্লিখিত তথ্য দেওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে আরসিইউডির চেয়ারম্যান আবদুর রশিদ আল-কায়েদা বা জেএমবির সঙ্গে আরসিইউডির কোনো যোগাযোগ থাকার কথা অস্বীকার করেন। তাঁর দাবি, তিনি সায়েফ, সাদ্দাম ও আহমেদ নামে কাউকে চেনেন না। গত ১৫ ফেব্রুয়ারি তিনি এ দাবি করলেও একই প্রশ্নের জবাবে গত বছরের ৬ জুন আবদুর রশিদ এ প্রতিবেদককে বলেছিলেন, ‘কেউ যদি আরসিইউডির নাম ব্যবহার করে এমন কিছু করে, তাহলে সেটা অনৈতিকভাবে করেছে।’এদিকে ইয়েমেনভিত্তিক আল-কায়েদার নেতা আনোয়ার আল-আওলাকির সঙ্গে যোগাযোগ রক্ষাকারী যুক্তরাজ্যে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি যুবক রাজীব করিমও বলেছেন, তিনি ও তাঁর ভাই তেহজীব (ইয়েমেনে গ্রেপ্তার হওয়া) জেএমবির সঙ্গে যুক্ত। তেহজীব জেএমবির জন্য বিভিন্ন ভিডিও সিডি তৈরি ও বিদেশে তহবিল সংগ্রহের কথাও স্বীকার করেছেন বলে বিবিসি অনলাইনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।