আল-কায়েদার আরেক শীর্ষ নেতা নিহত
পাকিস্তানের মিরনশাহ শহরে চালকহীন মার্কিন বিমান হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার একজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন সেনা কর্মকর্তারা।হোসাইন আল-ইয়েমেনি ছিলেন আল-কায়েদার পরিকল্পনাবিদদের অন্যতম। ডিসেম্বরে আফগানিস্তানের খোস্ত শহরে এক আত্মঘাতী বোমা হামলায় সিআইএর সাত সদস্য ও জর্ডানের এক কর্মকর্তা নিহত হন। ওই হামলার পরিকল্পনা প্রণয়নে হোসাইন সহায়তা করেন বলে ধারণা করা হয়। সিআইএর পরিচালক লিওন প্যানেট্টা জানান, পাকিস্তানে আল-কায়েদা এখন বিশৃঙ্খল অবস্থায় আছে।সন্ত্রাসবিরোধী দায়িত্বে নিয়োজিত এক মার্কিন কর্মকর্তা এএফপিকে জানান, হোসাইনের বয়স ছিল ৩০-এর কাছাকাছি। তিনি বোমা ও আত্মঘাতী অভিযানের ওপর একজন বিশেষজ্ঞ ছিলেন। তিনি আল-কায়েদার জন্য পাকিস্তান থেকে তহবিল, তথ্য ও নতুন সদস্য সংগ্রহ করতেন।মার্কিন কর্মকর্তাদের ধারণা আরব উপদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তানের আল-কায়েদা গ্রুপগুলোর সঙ্গে হোসাইনের যোগাযোগ ছিল।এদিকে পাকিস্তান এই চালকহীন বিমান হামলার সমালোচনা করে বলেছে, এ ধরনের হামলার ফলে জঙ্গিদের পক্ষে জনসমর্থন বরং আরও বেড়ে যায়।