আল কায়েদার ইরাক শাখার প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সন্ত্রাস-বিরোধী বাহিনীর কর্মকর্তারা আজ রোববার জানিয়েছেন, আল কায়েদার ইরাক শাখার প্রধানকে আটক করা হয়েছে এবং তাঁর কাছ থেকে জঙ্গি গোষ্ঠীটির আরও অনেকের নাম ও অবস্থান জানা গেছে। আল জাজিরার খবরে বলা হয়, সন্ত্রাস-দমন বিভাগের একটি দল ওই নেতাকে গ্রেপ্তার করে। ধারণা করা হচ্ছে এ ব্যক্তিই আল কায়েদার সর্বোচ্চ নেতা। তবে আটক নেতাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে, সন্ত্রাস-দমন বিভাগ তাঁর নাম প্রকাশ করেনি।দীর্ঘ দুমাস ক্রমাগত অনুসরণ করে বাগদাদের একটি এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদে বলা হয়েছে, আটক ব্যক্তির নাম আবু বকর আল বাগদাদি। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরাকের প্রধান। ইসলামি প্রজাতন্ত্রটি মূলত একটি সংগঠন, যার সাথে অনেকগুলো জঙ্গি দল জোট বেঁধেছে। ২০১০ সালে সংগঠনটির প্রধান ওমর আল বাগদাদি মার্কিন বোমা হামলায় নিহত হওয়ার পর, আবু বকরকে নেতা নির্বাচন করা হয়েছিল।আল জাজিরার খবরে বলা হয়, আটক আবু বকর জন্মসূত্রে ইরাকি কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে তিনি বেশির ভাগ সময় দৃষ্টির অগোচরে থাকতেন। আল কায়েদার বিবৃতি বা ভিডিওতেও তাঁকে খুব বেশি দেখা যায়নি। তবে, সরকারি সূত্র ছাড়া অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আবু বকরের গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়নি।