আল-কায়েদার তৃতীয় শীর্ষ নেতার মৃত্যু
আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় এলাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদার তৃতীয় শীর্ষ নেতা শেখ সাঈদ আল-মাশরি নিহত হয়েছেন বলে সোমবার সিআইএর এক মুখপাত্র জানান।সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আল-মাশরির মৃত্যু একটি বড় সাফল্য, এক মার্কিন মুখপাত্র জানান।যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামিক ওয়েবসাইট মনিটরিং কোম্পানি এসআইটিই ইনটিলিজেন্স গ্রুপ জানিয়েছে, আল-কায়েদা ইন্টারনেটের মাধ্যমে আল-মাশরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মাশরির স্ত্রী, তিন মেয়ে, নাতনিসহ অন্য সঙ্গীদেরও মৃত্যু হয়েছে। আল-মাশরি মুস্তফা আল-ইয়াজিদ নামেও পরিচিত।আল-কায়েদার প্রধান আল-মাশরি গত ৪ মে ইরাকে সেনাদের মৃত্যু নিয়ে শেষ বক্তৃতা দিয়েছিলেন বলে এসআইটিই জানায়।সিআইএর পরিচালক লিওন পানেট্টা জানান, আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় এলাকায় হামলার পর বিন লাদেন এবং আল- কায়েদার অন্য নেতারা অনেক গহিনে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন এবং বড় ধরনের হামলা চালানোর ক্ষমতা হারিয়ে ফেলছে। কিন্তু হোয়াইট হাউস গত মে মাসে টাইমস স্কয়ারে গাড়ি বোমা হামলার চেষ্টা এবং বড়দিনের বোমা হামলার ঘটনার উদ্ধৃতি দিয়ে সন্ত্রাসী হামলার একটি বিপজ্জনক নতুন হুঁশিয়ারি দিয়েছে।গত মার্চে চালকবিহীন বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদার অন্যতম পরিকল্পনাকারী হুসাইন আল-ইয়েমেনির মৃত্যু হয় বলে সিআইএর এক মুখপাত্র জানান।