আল-কায়েদার দখলে ইয়েমেনের শহর (ভিডিও)
ইয়েমেনের রাজধানী সানা-সংলগ্ন একটি শহর দখল করে নিয়েছে আল-কায়েদার জঙ্গিরা।রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে ১০৫ মাইল দূরে অবস্থিত রাদ্দা নামের ছোট শহরটি আল-কায়েদা জঙ্গিরা দখল করে নিয়েছে। আল-কায়েদার জঙ্গিরা রাদ্দার একটি মসজিদ ও প্রাচীন একটি দুর্গ দখল করার সময় স্থানীয় পুলিশের ছোট একটি দলের প্রতিরোধের সম্মুখীন হয়।ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ তাঁর ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করার পর দেশটিতে আল-কায়েদার দখলদারি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।রাদ্দা শহরের স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তারেক আল দাহাবের নেতৃত্বে আল-কায়েদার এক দল জঙ্গি এ হামলা চালায়। সম্প্রতি সিরীয় সরকার তারেককে ইয়েমেনের কাছে হস্তান্তর করে। রাদ্দা দখলের মাধ্যমে আল-কায়েদা ইয়েমেনের আবিয়ান প্রদেশের দক্ষিণাঞ্চলের বাইরে তাদের নিয়ন্ত্রণ আরও বাড়াল। কয়েক মাস ধরে দেশটিতে গণবিক্ষোভ চলাকালে এ অঞ্চলের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আল কায়েদা।