আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে লক্ষ্য করে মার্কিন ড্রোন হামলা
আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল-লিবিকে লক্ষ্য করে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আল-লিবির ওপর এ হামলা চালানো হয়। তবে হামলায় লিবি নিহত হয়েছেন কি না, তা জানা যায়নি।পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, গতকাল উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহর হেশোখেলে অঞ্চলে লিবিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে কমপক্ষে ১৫ পাকিস্তানি নিহত হয়েছে। এ ঘটনার তীব্র সমালোচনা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তা ছাড়া পাকিস্তানি ভূখণ্ডে ড্রোন হামলা নিয়ে উদ্বেগ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে তলব করেছে পাকিস্তান।এদিকে লিবির ওপর বোমা হামলার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, ড্রোন থেকে পরিচালিত প্রথম ক্ষেপণাস্ত্রটি একটি ভবনে আঘাত হানে। এতে তিন জঙ্গি নিহত হয়। দ্বিতীয় হামলায় নিহত হয় আরও ১২ জঙ্গি। তিনি বলেন, এ হামলায় লিবি নিহত হলে আল-কায়েদার মূল শক্তিতে একটি বড় প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের দাবি, আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা নির্বাচিত হন লিবি।